IPL 2023: বিরাট সেঞ্চুরিতে গেইলকে ছুঁলেন কোহলি, আইপিএলে শতরানের খরা কাটায় সেই ১৮ যোগ
বিরাট কোহলির ব্যাটে ফের আইপিএল শতরান। ২০১৯ সালের পর এই প্রথম। ম্যাচের আগে নিজের জার্সি নম্বর ১৮ ও তাঁর জীবনে ১৮ তারিখের গুরুত্ব সম্পর্কে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন কিং কোহলি। আজ হায়দরাবাদে শতরানের সঙ্গেও জড়িয়ে রইল সেই ১৮!
আজ ১৮ মে বিরাট কোহলি দুরন্ত শতরান হাঁকালেন ১৮ নম্বরের জার্সি পরেই। যা আরসিবিকে প্লে-অফের দৌড়ে ভালো জায়গাতেই রাখল। চলতি আইপিএলে প্রথম শতরানটি হাঁকিয়ে কিং কোহলি ছুঁয়ে ফেললেন ক্রিস গেইলের সর্বাধিক ৬টি শতরানের রেকর্ড।

স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট কোহলি জানান, ২০০৮ সালে মালয়েশিয়ায় অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের জার্সি খুলে তিনি দেখেছিলেন সেটিতে তাঁর নাম ও জার্সি নম্বর ১৮ লেখা রয়েছে। নিজে ১৮ নম্বর জার্সি চাননি। তখন থেকেই এই ১৮ নম্বরের জার্সিতেই খেলছেন বিরাট। ভারতীয় দলের পাশাপাশি আরসিবিতেও এই নম্বরের জার্সিই পরেন কোহলি।
তবে ১৮ সংখ্যার সঙ্গে বিরাটের জীবনের অনেক কিছুই জড়িয়ে। কিং কোহলি বলেন, অবশ্যই এই সংখ্যার সঙ্গে কসমিক কানেকশন রয়েছে। এই সংখ্য়াটা আমার জীবনেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের জার্সি গায়ে আমার অভিষেক ২০০৮ সালের ১৮ অগাস্ট। আমার বাবা মারা যান ২০০৬ সালের ১৮ ডিসেম্বর। জীবনের দুটি গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে জড়িয়ে ১৮।

এই দুটি ঘটনাই তাঁর ১৮ নম্বর জার্সি পাওয়ার অনেক পরে ঘটে। বিরাট জানান, এখন যে সকলে তাঁর নাম ও ১৮ নম্বর লেখা জার্সি পরে খেলা দেখতে আসেন তা দেখে পরাবাস্তব (surreal) মনে হয়। এমন দিন যে আসতে পারে তা কখনও তিনি আগে ভাবেননি। একটা সময় অবধি তিনি নিজে তাঁর পছন্দের ক্রিকেটারের জার্সি পরতেন বলেও সাক্ষাৎকারে জানান বিরাট।

বিরাট আজ সানরাইজার্সের বিরুদ্ধে অর্ধশতরান পূর্ণ করেন ৩৫ বলে। শতরান আসে ৬২ বলে। সেঞ্চুরি পূর্ণ করার পরের বলেই প্যাভিলিয়নে ফেরেন কিং কোহলি। জয়ের জন্য ১৮৭ রানের টার্গেট তাড়া করছিল আরসিবি। ১৭.৫ ওভারে বিরাট আউট হলে স্কোর দাঁড়ায় ১ উইকেটে ১৭২। কোহলি ১২টি চার ও চারটি ছয়ের সাহায্যে করেন ৬৩ বলে ১০০।

২০১৬ সালে বিরাট কোহলি চারটি শতরান করেছিলেন। ২০১৯ সালে পান একটি শতরান। চার বছর পর তাঁর ব্যাটে ফের আইপিএল শতরান। ক্রিস গেইলের আইপিএলে ৬টি শতরান রয়েছে। জস বাটলারের রয়েছে পাঁচটি। আরসিবির হয়ে আইপিএলে সাড়ে ৭ হাজার রানও এদিন পূর্ণ করেন বিরাট।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications