IPL 2023: ইডেনে টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠাল গুজরাত, নেই জেসন, উমেশ
আইপিএলের ম্যাচে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি গুজরাত টাইটান্স। টসের কিছুক্ষণ আগে থেকেই আকাশ কালো মেঘে ঢাকা। জ্বালিয়ে দেওয়া হয়েছে নৈশালোক। যা পরিস্থিতি তাতে বৃষ্টি নামতে পারে ম্যাচ শুরুর আগেই।
টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছে গুজরাত টাইটান্স। আবহাওয়ার কথা চিন্তা রেখেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। টসের পরই পিচ ঢেকে দেওয়া হয়েছে। কেকেআর দলে দুটি পরিবর্তন।

ইডেনে এবার এই প্রথম দিনের ম্যাচ হচ্ছে। এটি নীতীশ রানার শততম আইপিএল ম্যাচ। আন্দ্রে রাসেলের জন্মদিন এবং নাইটদের হয়ে শততম আইপিএল ম্যাচ দারুণ জয় দিয়ে স্মরণীয় করে রাখতে মুখিয়ে কেকেআর। গুজরাত টাইটান্সের রশিদ খানও কেরিয়ারের শততম আইপিএল ম্যাচ খেলছেন ক্রিকেটের নন্দনকাননে। তাঁকে বিশেষ টুপি দেওয়া হয়।
পিচ রিপোর্ট দিতে গিয়ে ম্যাথু হেডেন বলেন, উইকেট দারুণ। স্পিনাররা কিছুটা হলেও সাহায্য পেতে পারেন। দুই দলেই বিশ্বমানের স্পিনাররা রয়েছেন। ড্যারেন গঙ্গা যদিও মনে করছেন, পেসাররা যদি বলের গতির তারতম্য ঘটিয়ে সঠিত জায়গায় বল ফেলতে পারেন তাহলে তাঁরাও উইকেট থেকে ফায়দা আদায় করতে পারবেন। হাই স্কোরিং ম্যাচের অপেক্ষা।

হার্দিক পাণ্ডিয়া বলেন, মাঠে যখন আসি তখন রোদ ছিল। টসের সময় মেঘলা। ফলে প্রথমে ব্যাটিংয়ের পরিকল্পনা থাকলেও আবহাওয়ার কারণেই ফিল্ডিং নিচ্ছি। গুজরাত টাইটান্সের একাদশ অপরিবর্তিত। কেকেআর অধিনায়ক নীতীশ রানা বলেন, আমি টস জিতলে ব্যাটিংই নিতাম। উমেশ যাদব হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলতে পারছেন না।

সকাল থেকে জেসন রয় ব্যাক স্প্যাজম বা পিঠের যন্ত্রণায় ভুগছেন। ফলে বাধ্য হয়ে দুটি পরিবর্তন করতে হলো। শার্দুল ঠাকুর দলে ফিরেছেন। এ ছাড়া খেলানো হচ্ছে হরষিত রানাকে। নাইটদের একাদশে ফিরলেন রহমানুল্লাহ গুরবাজ। কিছুক্ষণ বৃষ্টির পর ফের রোদ উঠেছে। ৩টে ২৫ মিনিটের পর পিচ কভার সরানো হয়েছে।
গুজরাত টাইটান্স- ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, অভিনব মনোহর, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, মোহিত শর্মা, জশ লিটল, নূর আহমেদ। পরিবর্ত- শুভমান গিল, কেএস ভরত, সাই সুদর্শন, শিবম মাভি, জয়ন্ত যাদব
কলকাতা নাইট রাইডার্স- রহমানুল্লাহ গুরবাজ, এন জগদীশান (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড উইসে, শার্দুল ঠাকুর, হরষিত রানা, বরুণ চক্রবর্তী। পরিবর্ত- সুযশ শর্মা, মনদীপ সিং, অনুকূল রায়, টিম সাউদি, কুলবন্ত খেজরোলিয়া।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications