IPL 2023: গুজরাত টাইটান্সের কাছে লখনউয়ের অবিশ্বাস্য হার, শেষ ওভারে ৪ উইকেট
জয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৩৬। শেষ পাঁচ ওভারে দরকার ছিল ৩০। সেই রানও তুলতে পারল না লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ে ঘরের মাঠে গুজরাত টাইটান্সের কাছে অবিশ্বাস্য পরাজয়ের সম্মুখীন হলো লোকেশ রাহুলের দল।
শেষ ওভারে দরকার ছিল ১২। এই ওভারে পড়ল চারটি উইকেট। লোকেশ রাহুলের অর্ধশতরান জলে গেল জঘন্য ব্যাটিং বিপর্যয়ে।

লখনউ সুপার জায়ান্টস পাওয়ারপ্লে-র ৬ ওভারে বিনা উইকেটে ৫৩ তুলেছিল। সপ্তম ওভারের তৃতীয় বলে কাইল মেয়ার্স ১৯ বলে ২৪ রান করে রশিদ খানের শিকার হন। প্রথম উইকেট পড়ে ৫৫ রানে। দ্বিতীয় উইকেট পড়ে ১৪.৩ ওভারে ১০৬ রানের মাথায়। ক্রুণাল পাণ্ডিয়া ২৩ বলে ২৩ রান করে নূর আহমেদের বলে স্টাম্প আউট হন।
১১০ রানে পড়ে তৃতীয় উইকেট। নিকোলাস পুরাণ ৭ বলে ১ রান করে নূর আহমেদের বলে আউট হন। ১৪ ওভারের শেষে দরকার ছিল ৩১ রান। যা হাসতে হাসতে উঠে যাওয়ার কথা। কিন্তু শেষ ৬ ওভারে লখনউ ২৩ রানের বেশি তুলতে পারেনি। ২০তম ওভারের দ্বিতীয় বলে লোকেশ রাহুল আউট হন। ৮টি চারের সাহায্যে তিনি ৬১ বলে ৬৮ করেন।
রাহুল অর্ধশতরান পেয়েছিলেন ৩৮ বলে। ফলে হাফ সেঞ্চুরির পর তাঁর রান তোলার গতি অনেকটাই কমে যায়। রাহুল ও মার্কাস স্টইনিসকে আউট করেন মোহিত শর্মা। ১৯.৩ ওভারে স্টইনিস গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। চতুর্থ ও পঞ্চম বলে রান আউট হন যথাক্রমে আয়ুষ বাদোনি (৬ বলে ৮) ও দীপক হুডা (২ বলে ২)।

শেষ অবধি ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রানের বেশি যেতে পারেনি লখনউ। মোহিত শর্মা ৩ ওভারে ১৭ ও নূর আহমেদ ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ২টি করে উইকেট নেন। রশিদ খান ৪ ওভারে ৩৩ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। মহম্মদ শামি একটি মেডেন-সহ ৩ ওভারে ১৮ রান দিয়েছেন, তবে কোনও উইকেট পাননি।

জয়ন্ত যাদব নেমেছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। তিনি ৪ ওভারে ২৬, হার্দিক পাণ্ডিয়া ১ ওভারে ৭ ও রাহুল তেওয়াটিয়া ১ ওভারে ৮ রান খরচ করেন। উইকেট পাননি। এই জয়ের ফলে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল লখনউ। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এলো গুজরাত টাইটান্স।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান তুলেছিল গুজরাত। হার্দিক পাণ্ডিয়া ৫০ বলে ৬৬ ও ঋদ্ধিমান সাহা ৩৭ বলে ৪৭ রান করেন। ক্রুণাল পাণ্ডিয়া ও মার্কাস স্টইনিস ২টি করে এবং নবীন উল হক ও অমিত মিশ্র ১টি করে উইকেট নেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications