IPL 2023: আইপিএলে ঘুরে দাঁড়াতে মরিয়া দিল্লি ক্যাপিটালস, জয়ের সরণিতে ফেরা লক্ষ্য কেকেআরের
আইপিএলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে দিল্লি। ৫ ম্যাচে ২টিতে জিতে কেকেআর রয়েছে সাত নম্বরে।
পারস্পরিক দ্বৈরথে ৩১টি ম্যাচে দিল্লির জয় ১৪টিতে, কেকেআরের ১৬টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত। যদিও শেষ পাঁচটি সাক্ষাতে দিল্লি এগিয়ে ৩-২ ব্যবধানে। গত বছরের আইপিএলে দিল্লি প্রথমবার ৪৪ রানে ও ফিরতি সাক্ষাতে ৪ উইকেটে কেকেআরকে হারায়।

দিল্লি ক্যাপিটালস প্রথম ম্যাচে যে দল খেলিয়েছিল তারপর চারটি ম্যাচেই একাদশে রদবদল এনেছে। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সেই ধারায় আজ বদল আসছে না। বেশ কয়েকটি পরিবর্তন হতে পারে ক্যাপিটালস একাদশে। ডেভিড ওয়ার্নার রান পেলেও স্ট্রাইক রেট খারাপ। ব্যাটাররা বেশিরভাগই রান পাচ্ছেন না। ফিল্ডিংয়ের মানেরও উন্নতি চান হেড কোচ রিকি পন্টিং।

কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটিও ক্লিক করছে না। আজ নাইটদের একাদশেও রদবদলের সম্ভাবনা রয়েছে। রহমানুল্লাহ গুরবাজকে আজ বসানো হতে পারে। সুযোগ পেতে পারেন জেসন রয় বা লিটন দাস। উইকেটকিপিং করবেন এন জগদীশান। কেকেআরের জোরে বোলাররাও প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না। ফলে এই বিভাগেও বদল হতে পারে।

দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করলে তিন বিদেশিকে রেখে দল নামাতে পারে। সেক্ষেত্রে ইমপ্যাক্ট সাব হিসেবে রদবদল হতে পারে পৃথ্বী শ ও মুস্তাফিজুর রহমানের মধ্যে। তবে খারাপ ফর্মে থাকা পৃথ্বীকে এদিন সুযোগ দেওয়া হয় কিনা তা নিয়ে চর্চা রয়েছে। কেকেআর ইমপ্যাক্ট সাব হিসেবে ভেঙ্কটেশ আইয়ার ও সুযশ শর্মার মধ্যে রদবদল চালাতে পারে।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, মিচেল মার্শ, যশ ঢুল, মণীশ পাণ্ডে, অক্ষর প্যাটেল, ললিত যাদব, আমন খান, অভিষেক পোড়েল (উইকেটকিপার), আনরিখ নরকিয়া।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- জেসন রয় বা লিটন দাস বা রহমানুল্লাহ গুরবাজ, এন জগদীশান (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন বা টিম সাউদি, বরুণ চক্রবর্তী।

ম্যাচ চলাকালীন দিল্লির আবহাওয়া ভালোই থাকবে। অর্থাৎ বৃষ্টির আশঙ্কা নেই। ২০১৯ সাল থেকে এই স্টেডিয়ামে আইপিএলের পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যাচ্ছে রান তাড়া করা দলই বেশিরভাগ ম্যাচ জিতেছে। ১৩টির মধ্যে ১০টিতে। ফলে আজও টস জেতা দল ফিল্ডিং নেবে বলেই মনে করা হচ্ছে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications