IPL 2023: চেন্নাই সুপার কিংস নিয়ে তুঙ্গে বিতর্ক! কেকেআরের দোষে দুষ্ট সিএসকে, নির্বাসনের দাবি বিধায়কের
চেন্নাই সুপার কিংস আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চিপকে খেলতে নামছে বিতর্ক সঙ্গী করে। রাজস্থান দলে রয়েছেন রবিচন্দ্রন ও মুরুগান অশ্বিন, যাঁরা তামিলনাড়ুর ক্রিকেটার। বিভিন্ন দলে তামিলনাড়ুর ১২ জন থাকলেও সিএসকে-তে নেই একজনও।
যেমন কলকাতা নাইট রাইডার্সেও নেই বাংলার কেউ। যা নিয়ে সিএবিকে প্রশ্ন করলে উত্তর আসে, এটা ফ্র্যাঞ্চাইজিদের ব্যাপার। যদিও তামিল জাত্যাভিমানে গর্বিত তামিলনাড়ুর ধর্মপুরী পাত্তালি মাক্কাস কাটচি বা পিএমকে বিধায়ক সিএসকে নিয়ে সরব হলেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে রয়েছেন দীনেশ কার্তিক ও সোনু যাদব, গুজরাত টাইটান্সে সাই সুদর্শন, আর সাই কিশোর ও বিজয় শঙ্কর, রাজস্থান রয়্যালসে রবিচন্দ্রন অশ্বিন ও মুরুগান অশ্বিন। কলকাতা নাইট রাইডার্সে বরুণ চক্রবর্তী ও নারায়ণ জগদীশান, সানরাইজার্স হায়দাবাদে টি নটরাজন ও ওয়াশিংটন সুন্দর, পাঞ্জাব কিংসে শাহরুখ খান।
মঙ্গলবার তামিলনাড়ু বিধানসভায় ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের বরাদ্দ নিয়ে আলোচনা চলাকালীন সিএসকেতে তামিলনাড়ুর ক্রিকেটারদের ব্রাত্য রাখার বিষয়ে সরব হন বিধায়ক ভেঙ্কটেশ্বরণ। তিনি বলেন, বহু মানুষ আগ্রহ নিয়ে আইপিএল দেখছেন। চেন্নাই তামিলনাড়ুর রাজধানী। তামিল ভাষাকে রক্ষা করার জন্য আমাদের নেতা আইয়া (ড. রামাদস) প্রচারাভিযান শুরু করেছেন।

ইন সার্চ অব তামিল নামক জনসচেতনতামূলক প্রচারাভিযানের উল্লেখ করে বিধায়ক বলেন, যুব সম্প্রদায়কে সচেতন করতেই এই উদ্যোগ। আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন। তাঁরা জানিয়েছেন, যেভাবে চেন্নাইয়ের নাম ব্যবহার করেও সেই দলে আমাদের রাজ্যের প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে না, তাতে তাঁরা অত্যন্ত আহত।
এই কারণে চেন্নাই সুপার কিংসকে ব্যান করার দাবিও তোলেন বিধায়ক। তিনি বলেন, রাজ্যের মানুষের মধ্যে এই বিষয়ে যে অনুভূতির সাক্ষী আমি থেকেছি সেটাই বিধানসভায় তুলে ধরলাম। চেন্নাই সুপার কিংস দল দেখাচ্ছে তারা তামিলনাড়ুর প্রতিনিধিত্ব করছে। সেটা দেখিয়ে আর্থিকভাবে তারা লাভবানও হচ্ছে। কিন্তু সেই দলে তামিলনাড়ুরই কোনও ক্রিকেটার নেই।

পিএমকে বিধায়ক বলেন, আমি চাই চেন্নাই সুপার কিংসে তামিলনাড়ুর ক্রিকেটারদের বেশি সংখ্যায় নেওয়া হোক। উল্লেখ্য, বিসিসিআইয়ের অধীনস্থ রাজ্য ক্রিকেট সংস্থাগুলির মধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের ফ্র্যাঞ্চাইজি টি ২০ লিগ তামিলনাড়ু প্রিমিয়ার লিগ সর্বাধিক জনপ্রিয়। সেখানে নজর কেড়েই অনেক ক্রিকেটার আইপিএলে সুযোগ পেয়েছেন।
শুধু তাই নয়, এই লিগে নজরকাড়া প্লেয়াররা সৈয়দ মুস্তাক আলি টি ২০-তেও রাজ্য দলের হয়ে সাফল্য পেয়েছেন। সেই দলের ক্রিকেটাররাই সিএসকে দলে যে ব্রাত্য সেটা জনসমক্ষে এনে নয়া বিতর্ক উস্কে দিলেন তামিল বিধায়ক। জুড়ে দিলেন তামিল জাত্যাভিমান।

সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সংস্কার হওয়া চিপকে ড্রেসিংরুম, স্ট্যান্ড উদ্বোধনে হাজির ছিলেন। সেখানে ছিলেন এন শ্রীনিবাসন, মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। নয়া বিতর্ক নিয়ে সরকারপক্ষ কিছু বলেনি। কিন্তু চেন্নাই সুপার কিংস ভবিষ্যতে কেকেআরের মতোই অনড় মনোভাব দেখায়, নাকি তামিল ক্রিকেটারদের দলে নেয় সেটা বলবে সময়।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications