IPL 2023: চিপকে ১৩ বছর পর মুম্বইকে হারাল চেন্নাই, পয়েন্ট তালিকার দুইয়ে ধোনিরা
আইপিএলে ২০১০ সালের ৬ এপ্রিল শেষবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস। তারপর ২০১১ সাল থেকে টানা ৬টি ম্যাচে সিএসকে পরাস্ত হয় আইপিএলের সফলতম দলের কাছে। অবশেষে আজ রোহিত শর্মাদের বিরুদ্ধে ৬ উইকেটে দাপুটে জয় ছিনিয়ে নিল মহেন্দ্র সিং ধোনির দল।
এই জয়ের সুবাদে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো চেন্নাই সুপার কিংস। চিপকে হওয়া আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরেছিল চেন্নাই। স্বাভাবিকভাবেই নিজেদের দুর্গে এদিনের জয় স্বস্তি দিল সিএসকে শিবিরে। ধোনিরা এক ধাপ এগিয়ে গেলেন প্লে-অফের দিকে।

জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল ১৪০ রান। ১৭.৪ ওভারে চার উইকেট হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় সিএসকে। ওপেনিং জুটিতে ৪.১ ওভারে ওঠে ৪৬। চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৬ বলে ৩০ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। তাঁর উইকেটটি তুলে নেন পীযূষ চাওলা। তিনি অজিঙ্ক রাহানেকেও সাজঘরে পাঠান।

১টি করে চার ও ছয় মেরে রাহানে ১৭ বলে ২১ করে লেগ বিফোর হন। রিভিউ নিয়েও রক্ষা পাননি রাহানে। নবম ওভারে ৮১ রানে দ্বিতীয় উইকেট পড়ে চেন্নাইয়ের। ১২.৫ ওভারে দলের ১০৫ রানের মাথায় অম্বাতি রায়ুডু শিকার হন ট্রিস্টান স্টাবসের। রায়ুডু এদিনও বড় রান পেলেন না। তিনি ১১ বলে ১২ রান করেন। ১৬.৩ ওভারে ডেভন কনওয়েকে প্যাভিলিয়নে ফেরত পাঠান আকাশ মাধওয়াল।
চারটি বাউন্ডারির সাহায্যে কনওয়ে ৪২ বলে ৪৪ রান করে লেগ বিফোর হন। শিবম দুবে ১৮ বলে ২৬ ও মহেন্দ্র সিং ধোনি ৩ বলে ২ রানে অপরাজিত থাকেন। পীযূষ চাওলা ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন। স্টাবস ২ ওভারে ১৪ ও মাধওয়াল ১ ওভারে ৪ রান দিয়ে একটি করে উইকেট নেন।

এর আগে, টস জিতে সিএসকে ফিল্ডিং নিয়েছিল। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ তোলে মুম্বই ইন্ডিয়ান্স। নেহাল ওয়াধেরা ৫১ বলে ৬৪, সূর্যকুমার যাদব ২২ বলে ২৬ ও ট্রিস্টান স্টাবস ২১ বলে ২০ করেন। রোহিত আউট হন শূন্য রানে। মাথিশা পাথিরানা ৪ ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নেন। দীপক চাহার ও তুষার দেশপাণ্ডে ২টি করে উইকেট নেন। রবীন্দ্র জাদেজার ঝুলিতে ১ উইকেট।

রোহিত শর্মা ব্যাটিং ব্যর্থতাকেই হারের কারণ হিসেবে চিহ্নিত করেছেন। পাওয়ারপ্লে-তে ৩ উইকেট হারানোয় বড় রান তোলা যায়নি বলে মন্তব্য করেন তিনি। পীযূষ চাওলা ভালো বোলিং করলেও বাকিদেরও সাপোর্ট দেওয়ার মতো বোলিং প্রত্যাশা করছেন রোহিত। ১০ ম্যাচে ১০ পয়েন্ট মুম্বইয়ের। হোম ম্যাচে এবার অনেকেই হারছে। ফলে মুম্বইয়ে খেলাকে বাড়তি সুবিধা মানতে নারাজ তিনি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications