IPL 2022: কুলদীপ কেকেআরের বিরুদ্ধে জ্বলে উঠে গড়লেন দুরন্ত নজির! চাহালের জন্য কোন বিশেষ প্রার্থনা?
চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুটি ম্যাচে আট উইকেট দখল করলেন কুলদীপ যাদব। ছাপিয়ে গেলেন আগের পারফরম্যান্সকেও। বঞ্চনার জবাব যেভাবে বারবার দিচ্ছেন কুলদীপ তাতে বিধ্বস্ত তাঁর পুরানো দল কেকেআর। গতকাল ম্যাচের সেরা হয়ে এলিট লিস্টেও নাম তুলেছেন কুলদীপ।

চলতি আইপিএলে কুলদীপ
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে চার ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছিলেন চার উইকেট। গতকাল ৩ ওভারে ১৪ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট। কেকেআরের বিরুদ্ধে দুটি ম্যাচের পাশাপাশি পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচেও ম্যাচের সেরা হয়েছিলেন কুলদীপ। গত বছর আইপিএলে তাঁকে প্রথমার্ধে বসিয়ে রেখেছিল কেকেআর, দ্বিতীয়ার্ধে হাঁটুর চোটের কারণে খেলা হয়নি। এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৮ রানে ৩ উইকেট, লখনউ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যথাক্রমে ৩১ ও ২৪ রানের বিনিময়ে নিয়েছেন দুটি করে উইকেট। আরসিবি ও গুজরাত টাইটান্স ম্যাচে কুলদীপের ঝুলিতে গিয়েছে ১টি করে উইকেট। সবমিলিয়ে ৮ ম্যাচে এখনও অবধি কুলদীপ পেয়েছেন ১৭টি উইকেট।
বিরাট-নজির স্পর্শের কাছে
কোনও আইপিএল মরশুমে সবচেয়ে বেশিবার ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি, ২০১৬ সালে প্রাক্তন আরসিবি অধিনায়ক ৫টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। এ ছাড়া ইউসুফ পাঠান (২০০৮), সচিন তেন্ডুলকর (২০১০), অমিত মিশ্র (২০১৩), রোহিত শর্মা (২০১৬) ও ঋতুরাজ গায়কোয়াড় (২০২১) আইপিএলে চারবার করে ম্যাচের সেরা হয়েছেন। কুলদীপ এবার সেই তালিকায় নাম লেখালেন এবারের আইপিএলে চতুর্থবার ম্যাচের সেরা হয়ে। বিরাট কোহলির নজির স্পর্শের হাতছানিকে সামনে রেখেই আগামী ম্যাচগুলিতে নামবেন কুলদীপ।
তৃপ্ত কুলদীপ
কেকেআরের বিরুদ্ধে ম্যাচ জেতানো পারফরম্যান্স করে তৃপ্ত প্রাক্তন নাইট। তিনি জানিয়েছেন, আইপিএলে কেকেআরে থাকাকালীন অনেক কিছু শিখেছি। সেই দলের বিরুদ্ধে ভালো পারফর্ম করার তাগিদ থাকে। পুরানো দলের বিরুদ্ধে দুবার নিজের দলকে জিতিয়ে এবং ম্যাচের সেরা হয়ে স্বাভাবিকভাবেই খুশি কুলদীপ। তিনি বলেন, হয়তো আমার বোলিং আগের চেয়ে উন্নত হয়েছে। কিন্তু একটা যে বিষয় নিশ্চিতভাবেই হয়েছে তা হলো, মানসিকভাবে আমি আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছি। জীবনে ব্যর্থতা এলেই কোথায় ভুল হচ্ছে তা চিহ্নিত করা যায়। ফলে ব্যর্থতার মধ্যেই ভুল থেকে শিক্ষা নিয়েছি। এখন ব্যর্থ হওয়ার ভয়টা কেটে গিয়েছে। তবে পারফর্ম করার নার্ভাসনেস এখনও উপভোগ করেন। কেকেআরের বিরুদ্ধে আন্দ্রে রাসেলের উইকেটটিকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন কুলদীপ।
|
চাহালের জন্য প্রার্থনা
এবারের আইপিএলে একমাত্র রাজস্থান রয়্যালস ম্যাচেই উইকেট পাননি, ৩ ওভারে ৪০ রান দেন। সেই রাজস্থান রয়্যালসের হয়েই যুজবেন্দ্র চাহাল ৮ ম্যাচে সর্বাধিক ১৮ উইকেট নিয়েছেন। কুলদীপ তাঁর ঠিক পিছনেই, ১৭ উইকেট নিয়ে চাহালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। কুলদীপের পারফরম্যান্স দেখে গতকাল চাহাল টুইটে তাঁকে চ্যাম্পিয়ন বলে অভিহিত করেন। ভারতীয় দলে যখন কুল-চা জুটির প্রত্যাবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে তখন কুলদীপ বলেন, চাহাল আমার দাদার মতো। খারাপ সময়ে এবং চোট পেয়ে বাইরে থাকার সময়ও তিনি আমার পাশে থেকেছেন। আমিও চাই চাহালের দখলেই থাকুক এবারের পার্পল ক্যাপ।












Click it and Unblock the Notifications