IPL 2022: কেকেআর মজে মাসল রাসেলে! অস্ট্রেলীয় তারকার জঘন্য ফর্মে দোটানায় শ্রেয়সের দল
আইপিএলে পাঞ্জাব কিংসকে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স এসে গিয়েছেন। বুধবার কেকেআরের পরের ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, নিভৃতবাস কাটিয়ে ওই ম্যাচের জন্য কামিন্স বিবেচিত হতেই পারেন। ওইদিনই এসে যাবেন অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে তাঁর জঘন্য ফর্ম নিশ্চিতভাবেই উদ্বেগে রাখবে কেকেআরকে।

ফিঞ্চের ফর্ম নিয়ে চিন্তা
অ্যারন ফিঞ্চ পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ম্যাচে ২৩ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে প্রথম ওভারে শাহিন শাহ আফ্রিদির প্রথম বলেই লেগ বিফোর হয়েছিলেন শূন্য রানে। আজ হ্যারিস রউফের বলে ফিঞ্চ লেগ বিফোর হলেন, তিন বলে শূন্য রান করেই। এরপর একটিমাত্র টি ২০ ম্যাচ রয়েছে। কেকেআরের যা একাদশ তাতে আন্দ্রে রাসেল ও সুনীল নারিন ফিট থাকলে প্রথম একাদশে থাকবেনই। ফলে ফিঞ্চকে যদি ওপেনিং জুটি শক্তিশালী করার লক্ষ্যে খেলানোও হয় তাহলে স্যাম বিলিংসের বাদ পড়ার বেশি সম্ভাবনা। কিন্তু ফিঞ্চের যা ফর্ম তাতে ভারতে এসেই নাইটদের প্রথম একাদশে ঢুকে পড়তে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন। গতকাল আন্দ্রে রাসেল বিধ্বংসী ইনিংস খেললেও বিলিংস যোগ্য সঙ্গত দিয়ে ২৩ বলে ২৪ রান করে অপরাজিত থেকেছেন।

কামিন্স বনাম সাউদি?
সেক্ষেত্রে বাকি একমাত্র বিদেশির লড়াইয়ে টিম সাউদি ও প্যাট কামিন্স। সাউদি গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন। তার আগে আরসিবির বিরুদ্ধে ২০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছিলেন। সাউদির থেকে কামিন্সের ব্যাটের হাত ভালো। তবে সাউদি ভালো ফর্মে রয়েছেন। কামিন্স ও সাউদিকে ঘুরিয়ে-ফিরিয়েও খেলাতে পারে কেকেআর।

রাসেল মাসল
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর ১৩৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ ওভারে ৫১ রানে চার উইকেট হারিয়েছিল। সেখান থেকে ২টি চার ও আটটি ছয়ের সাহায্যে ৩১ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। জয় আসে ৬ উইকেটেই। ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। তার আগে বল হাতে তিনি নেন ১টি উইকেট। ১৬ বলে ২৫ রান করা কাসিসো রাবাডার উইকেটটি পান প্রথম বলেই। দ্বিতীয় বলে অর্শদীপ সিং রান আউট হওয়ায় পাঞ্জাব থেমেছিল ১৮.২ ওভারে ১৩৭ রানে। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি রাসেল বললেন, আমার নিজের দক্ষতার প্রতি আস্থা ছিল। তবে ক্রিজে স্যাম বিলিংসের মতো একজনকে দরকার ছিল। ব্যাট হাতে নেমে ছন্দে আছি বুঝতেই স্যামকে বলি আমিই চালিয়ে খেলা শুরু করছি। চলো কয়েক ওভার খেলি, দেখি কী হয়। ডেথ ওভারে বল করতে ভালোবাসি। আমাদের দলে অনেক বোলার। কেউ ছন্দে না থাকলে যদি দুই ওভারও বল করতে পারি অলরাউন্ডার হিসেবে তৃপ্তি পাব। তবে বোলিং না করলেও যদি ব্যাট হাতে কয়েকটি ছক্কা মেরেও জেতাতে পারি তাতেই খুশি। চাহারের বিরুদ্ধে আক্রমণাত্মক হইনি। জানতাম, সিমাররা এলেই কাজ সহজ হয়ে যাবে।

তৃপ্ত শ্রেয়স
দলের জয়ে খুশি কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি রাসেলকে নিয়ে বলেন, যে শটগুলি রাসেল খেলেছেন তা আমাদের কাছে বড় তৃপ্তির। সিম্পলি আউটস্ট্যান্ডিং হিটিং, যা রাসেল মাসল বলাই যথার্থ। উমেশ যাদব ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। শ্রেয়স উমেশকে নিয়েও খুশি। বলেছেন, উমেশ আমাকে বলছিলেন বয়স বাড়়ার কথা। আমি বলি, উমেশ আরও ফিট ও শক্তিশালী হয়েছেন। কঠোর পরিশ্রম করছেন। যখন জিমে যাই তাঁকে দেখি। সাফল্যের জন্য তিনি ক্ষুধার্থ। দলকে সব সময় জেতাতে মরিয়া। তাঁর সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। শ্রেয়স জানান, দলের সেরা বোলারদের পাওয়ারপ্লেতে ব্যবহার করে যত বেশি উইকেট তুলে নেওয়াই লক্ষ্য কাজটা সহজ করে দিচ্ছেন স্পিনাররাও।

উন্নততর উমেশ
অধিনায়কের কথা ধরা পড়েছে উমেশের কথাতেও। পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলে এই নিয়ে তিনি ষষ্ঠবার ম্যাচের সেরার পুরস্কার পেলেন। উমেশ বলেন, নিজের দক্ষতা অনুযায়ী নেটে অনুশীলন করি। অনুশীলনের মাধ্যমেই নিজেকে উন্নত করে তোলা যায়। প্রথম বলেই ময়াঙ্ক আক্রমণাত্মক শট খেলতে যাবেন ভাবিনি। ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বোলিং করার সময় সঠিক লাইন ও লেংথে বল করার উপরেই জোর দিয়েছি।












Click it and Unblock the Notifications