বার্থ ডে বয় রাসেলের শেষবেলার ঝড়ে আইপিএলে দিল্লির বিরুদ্ধে কেকেআরের লড়াকু স্কোর
বার্থ ডে বয় রাসেলের শেষবেলার ঝড়ে আইপিএলে দিল্লির বিরুদ্ধে কেকেআরের লড়াকু স্কোর
আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের দুর্দান্ত বোলিংয়ে সেভাবে ধ্বংসাত্মক ব্যাটিং করতে পারল না কলকাতা নাইট রাইডার্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের স্পোর্টিং উইকেটে আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্সের শেষবেলার লড়াকু ব্যাটিংয়ে টেনেটুনে ১৫৪ তুলল কেকেআর।

আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের স্পোর্টিং উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ হবে বলে মনে করেন ঋষভ পন্থ। শিশিরের কারণে রাতে ফিল্ডার এবং বোলারদের জন্য বল গ্রিপ করা সমস্যাজনক হবে বলে মনে করেন দিল্লির অধিনায়ক।
নেতা পন্থের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ম্যাচের প্রথম থেকেই দুর্দান্ত লাইন এবং লেন্থে বোলিং করেন দিল্লির বোলাররা। ১২ বলে ১৫ রান করে আউট হন কেকেআরের ওপেনার নীতীশ রানা। একটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। উল্টোদিকে কেকেআরে অন্য ওপেনার শুভমান গিল বেশ কয়েকটি নজরকাড়া শট মারেন। যদিও ক্রিজের অন্য প্রান্ত থেকে তাঁকে সাহায্য করার মতো ব্যাটসম্যান পাওয়া যায়নি।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে থাকা রাহুল ত্রিপাঠীকে আজ ফিঁকে মনে হয়েছে। বেশকিছু মিস হিটের পর ১৭ বলে ১৯ রান করে তিনি আউট হন। দুটি চার আসে তাঁর ব্যাট থেকে। কোনও রান না করেই সাজঘরে ফিরে যান গত ম্যাচের নায়ক তথা কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। আরও একবার শূন্যতেই আউট হন সুনীল নারিন।
জন্মদিনে ব্যাট করতে নামা আন্দ্রে রাসেলের সঙ্গে শুভমান গিলের মাত্র ৭ রানের পার্টনারশিপ হয়। ৩৮ বলে ৪৩ রান করে আউট হন গিল। তিনটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ঢিমেতালে এগিয়ে কেরিয়ারের ৬ হাজার টি২০ রান পূর্ণ করেন আন্দ্রে রাসেল। তারপরেই ব্যাট খুলতে শুরু করেন দ্রে রাস।
১০ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান দীনেশ কার্তিক। একটি চার ও একটি ছক্কা হাঁকান ডিকে। শেবেলায় বেশ কয়েকটি বড় শট হাঁকিয়ে কেকেআর-কে লড়াকু টোটালের কাছে পৌঁছে দেন আন্দ্রে রাসেল। জন্মদিনে ২৭ বলে ৪৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন দ্রে রাস। দুটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। দিল্লি ক্যাপিটালসের হয়ে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল ও ললিত যাদব। এক উইকেট নিয়েছেন আবেশ খান ও মার্কাস স্টইনিস।












Click it and Unblock the Notifications