রানা-ত্রিপাঠী ঝড়ে নাজেহাল হায়দরাবাদ, আইপিএল ২০২১-এ ফাইটিং টোটাল দিয়ে যাত্রা শুরু কেকেআরের
রানা-ত্রিপাঠী ঝড়ে নাজেহাল হায়দরাবাদ, আইপিএল বড় রান দিয়ে যাত্রা শুরু কেকেআরের
নীতীশ রানা ও রাহুল ত্রিপাঠীর ধ্বংসাত্মক ব্যাটিং পারফরম্যান্সের দৌলতে চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় রান খাড়া করতে সক্ষম হল কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলল ইয়ন মর্গ্যান শিবির। তবে শেষের দিকে দুর্দান্ত লড়াই করলেন হায়দরাবাদের বোলাররা।

আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে জেতা সহজ হবে বলে মনে করেন ডেভিড ওয়ার্নার। শিশিরের কারণে রাতের দিকে বোলারদের পক্ষে বল গ্রিপ করা মুশকিল হবে বলে মনে করেছিলেন হায়দরাবাদ অধিনায়ক।
কিন্তু ওয়ার্নারের পরিকল্পনায় জল ঢেলে প্রথম থেকেই আক্রমণাত্মক ঢঙে ব্যাটিং করতে শুরু করেন কেকেআরের ওপেনার নীতীশ রানা। উল্টোদিকে দাঁড়িয়ে থাকা শুভমান গিলও ব্যাট চালানো শুরু করেন সাবলীল ঢঙে। কেকেআরের দুই ওপেনারের মধ্যে ৫৩ রানের পার্টনারশিপ হয়। ১৫ রান করে রশিদ খানের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান গিল। ক্রিজের অন্যদিক আঁকড়ে ধরে রাখেন রানা।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে ওঠেন নীতীশ। সঙ্গী হিসেবে রাহুল ত্রিপাঠীকে পেয়ে যান বাঁ-হাতি। চালিয়ে খেলেন দুই ক্রিকেটারই। রানা এবং ত্রিপাঠীর মধ্যে ৯৩ রানের পার্টনারশিপ হয়। ২৯ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন রাহুল। পাঁচটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। চার নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই চার হাঁকান আন্দ্রে রাসেল। চালিয়ে খেলতে গিয়ে রশিদ খানের বলে মনীশ পান্ডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ক্যারিবিয়ান ক্রিকেটার। রাসেলের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান।
অন্যদিকে ৫৬ বলে ৮০ রানের অতি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন নীতীশ রানা। ৯টি চার ও চারটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ব্যাট চালাতে গিয়ে মাত্র ২ রান করে আউট হন কেকেআরের অধিনায়ক ইয়ন মর্গ্যান। শেষবেলায় ৯ বলে ২২ রানের দাপুটে ইনিংস খেলেন দীনেশ কার্তিক। ভুবনেশ্বর কুমারের শেষ ওভারে রান করেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট নেন রশিদ খান ও মহম্মদ নবি। এক উইকেট নেন বাঁ-হাতি ফাস্ট বোলার টি নটরাজন।












Click it and Unblock the Notifications