আইপিএল ২০২০ : চেন্নাই বনাম বেঙ্গালুরু, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট ও স্থান
আইপিএল ২০২০ : চেন্নাই বনাম বেঙ্গালুরু, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট ও স্থান
আজকের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগের ম্যাচ হেরে বসে থাকা এমএস ধোনি ও বিরাট কোহলি শিবির একে অপরকে টেক্কা দিতে মুখিয়ে রয়েছে। ম্যাচে তুমুল লড়াইয়ের আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তারই প্রেক্ষিতে সিএসকে ও আরসিবি-র শক্তি ও দুর্বলতা দেখে নেওয়া যাক। কখন এবং কোথায় ম্যাচ, তাও চট করে দেখে নেওয়া যাক।

সিএসকে-এর শক্তি ও দুর্বলতা
শক্তি : ফর্মে না থাকলেও অধিনায়ক এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের প্রধান শক্তি। ফর্মে থাকা শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু সিএসকে-র ব্যাটিং বিভাগের অন্য ভরসা। বোলিং বিভাগে চেন্নাই শিবিরকে সাফল্যের মুখ দেখাচ্ছেন শার্দুল ঠাকুর, দীপক চাহার, পীয়ূষ চাওলা ও ডোয়েন ব্র্যাভো।
দুর্বলতা : শেন ওয়াটসন এবং ফাফ ডু প্লেসিস ছাড়া সিএসকে-র ব্যাটিং বিভাগ এখনও পর্যন্ত ব্যর্থ। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছন্দে না থাকাও চেন্নাইয়ের অন্যতম দুর্বলতা।

আরসিবি-র শক্তি ও দুর্বলতা
শক্তি : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের প্রধান শক্তি তাদের অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে সাড়ে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন ভারত অধিনায়ক। পাশাপাশি এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, দেবদত্ত পাড়িক্কল আরসিবি-র ব্যাটিং বিভাগের অন্যতম স্তম্ভ। বোলিং বিভাগে আরসিবি-কে প্রতি ম্যাচে ভরসা জুগিয়ে চলেছেন স্পিনার যুজবেন্দ্র চাহাল ও পেসার নভদীপ সাইনি।
দুর্বলতা : বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ ও দেবদত্ত পাড়িক্কলকে বাদ দিলে আরসিবি-র ব্যাটিং বিভাগ ততটা পোক্ত নয়। একই সঙ্গে ধারাবাহিকতার অভাবও ভোগাতে পারে বিরাট শিবিরকে।

ম্যাচের প্রেক্ষাপট
জেতার মতো পরিস্থিতি তৈরি করেও গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১০ রানে হেরে যায় চেন্নাই সুপার কিংস। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। ফলে আজকের ম্যাচ দুই দলের কাছে কার্যত মাস্ট উইন হতে চলেছে।

কোথায় এবং কখন ম্যাচ
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সিএসকে-র মুখোমুখি হবে আরসিবি। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। ডিজনি-হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।












Click it and Unblock the Notifications