অনবদ্য ব্যাটিং গিলের, ঘরের মাঠে চেন্নাইকে হেলায় হারাল কলকাতা
প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংসকে ১৭৭ রানে আটকে রেখে অসামান্য দক্ষতায় ১৩ বল বাকী থাকতেই ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নিল কলকাতা নাইট রাইডার্স।
প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংসকে ১৭৭ রানে আটকে রেখে অসামান্য দক্ষতায় ১৩ বল বাকী থাকতেই ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। অনবদ্য ব্যাটিং করলেন শুভমান গিল। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অধিনায়ক দীনেশ কার্তিক। গিল ৫৭ রানে ও কার্তিক ৪৫ রানে অপরাজিত থাকেন। সবমিলিয়ে ৯ ম্যাচে ৫টি জিতে প্লে-অফের পথে আর এক পা এগিয়ে গেল কলকাতা।

চেন্নাইয়ের ১৭৭ রান তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে কলকাতা। প্রথম ওভারেই ক্রিস লিন ২টি ছক্কা হাঁকিয়ে ফিরে যান। তারপরে সেখান থেকে খেলা ধরেন সুনীল নারিন। করেন ২০ বলে ৩২ রান। রবীন উথাপ্পা এদিন রান পাননি। ৬ রানে আউট হন তিনি। তবে চার নম্বরে নামা শুভমান গিল আইপিএলের প্রথম অর্ধশতরান করে যান।
গিল প্রথমে রিঙ্কু সিংকে (১৬ রান) নিয়ে ও পরে অধিনায়ক দীনেশ কার্তিকের সঙ্গে পার্টনারশিপে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। রান তাড়া করে ১৩ বল বাকী থাকতেই জয় তুলে নেয় কলকাতা।
চেন্নাই টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ৫ ওভারে বিনা উইকেটে ৪৮ রান তুলে ফেলে। ডু প্লেসি ১৫ বলে ২৭ রান করেন। ওয়াটসন ২৫ বলে ৩৬ রান করেন। দুজনে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ফিরে যান। তিন নম্বরে নামা সুরেশ রায়নাও ভালো শুরু করে ২৬ বলে ৩১ করে ফেরেন। অম্বাতি রায়াডু ১৭ বলে ২১ করেন। পাঁচ নম্বরে নামা ধোনি ২৫ বলে অপরাজিত ৪৩ রান করেন। জাদেজাকে সঙ্গে নিয়ে দলকে ১৭৮ রানে পৌঁছে দেন। জাদেজা ১২ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।
একসময়ে যখন মনে হচ্ছিল দুশো রান ছাড়িয়ে যাবে চেন্নাই তখন শেষদিকে অনবদ্য বোলিং করে ধোনিদের আটকে দেয় কলকাতার স্পিনাররা। সুনীল নারিন ফের একবার বল হাতে অনবদ্য হয়ে ওঠেন। ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া পীযূষ চাওলা ৩৫ রানে ২টি ও কুলদীপ যাদব ৩৪ রানে ১ উইকেট নেন।












Click it and Unblock the Notifications