করোনাজয়ী প্রসিদ্ধ কৃষ্ণ তৈরি ভারতীয় দলের হয়ে নতুন চ্যালেঞ্জের জন্য
আইপিএলের জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই আমেদাবাদে করোনা আক্রান্ত হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের চার ক্রিকেটার। তাঁরা হলেন প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী, টিম সেইফার্ট ও সন্দীপ ওয়ারিয়র। চারজনই করোনাকে জয় করেছেন। এবার প্রসিদ্ধ কৃষ্ণ তৈরি ভারতীয় দলের হয়ে নতুন চ্যালেঞ্জের জন্য।

মুম্বইয়ের টিম হোটেলে ১৯ মে থেকে নিভৃতবাসে রয়েছেন ভারতীয় টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটার। বিরাট কোহলি, রবি শাস্ত্রীরা মুম্বইয়ে বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। তাঁদের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ২৪ মে। কয়েকটা দিন কলকাতায় কাটিয়ে করোনাজয়ী ঋদ্ধিমান সাহাও মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দিয়ে নিভৃতবাসে থাকবেন। তার আগে আগামীকালই দলের সঙ্গে যোগ দিচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণ। করোনা নেগেটিভ হওয়ার পর তিনি বেঙ্গালুরুর বাড়িতে গিয়েছিলেন। আগামীকার মুম্বই রওনা হবেন।

এবারের আইপিএলে সাতটি ম্যাচে ৮টি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পুনেতে একদিনের সিরিজে তিনটি ম্যাচে ছটি উইকেট নেন। সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুবাদে ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলের সঙ্গে প্রসিদ্ধ যাচ্ছেন স্ট্যান্ডবাই হিসেবে।

ইংল্যান্ডে ভারতীয় দল নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচও খেলবে। আবেশ খান, আর্জান নাগওয়াসওয়ালা ও প্রসিদ্ধ এই তিন পেসারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। অভিমন্যু ঈশ্বরন ও উইকেটকিপার কে এস ভরতও স্ট্যান্ডবাই হিসেবেই ইংল্যান্ডে যাবেন। ২ জুন চার্টার্ড বিমানে ইংল্যান্ড যাবে ভারতীয় দল।












Click it and Unblock the Notifications