টি২০ বিশ্বকাপের আগে জয়ের সরণিতে ফেরা লক্ষ্য ভারতের, পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দিলেন সূর্যরা
কাল তিরুবনন্তপুরমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ আন্তর্জাতিক খেলতে নামছে ভারত। যা টি২০ বিশ্বকাপের আগে দুই দলেরই শেষ টি২০ আন্তর্জাতিক।
প্রথম তিনটি ম্যাচে ভারত জিতে সিরিজ পকেটে পুরে ফেলার পর নিউজিল্যান্ড চতুর্থ ম্যাচটি জিতেছে। ফলে কিউয়িরা চাইবে সিরিজ হারের ব্যবধান কমাতে। ভারত চাইবে জয়ের সরণিতে ফিরে বিশ্বকাপ অভিযান শুরু করতে।

তার আগে আজ ভারতীয় ক্রিকেট দলের অন্তত সাতজন সদস্য সকালে বিখ্যাত শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে গিয়ে পুজো দিলেন, প্রার্থনা করলেন। গতকালই ভারতীয় দল তিরুবনন্তপুরমে পৌঁছয়। আজ সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ক্রিকেটাররা মন্দিরে যান।
মন্দিরের ঐতিহ্যবাহী পোশাক ধুতি পরিহিত অবস্থায় দেখা যায় অধিনায়ক সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল-সহ সকলকে। ছিলেন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই এবং ফিল্ডিং কোচ টি দিলীপ।
নির্ণায়ক ম্যাচের আগে আশীর্বাদ চেয়ে দলের সদস্যরা প্রায় ৩০ মিনিট সুবিশাল মন্দির চত্বরে কাটান। শ্রী পদ্মনাভস্বামী মন্দির দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র হিন্দু তীর্থস্থান হিসেবে পরিচিত, যা এর সমৃদ্ধ ইতিহাস ও সুসজ্জিত স্থাপত্যের জন্য বিখ্যাত। মন্দিরের পূজারীদের সঙ্গে ছবিও তোলেন ভারতীয় দলের ক্রিকেটাররা।












Click it and Unblock the Notifications