India World Cup Squad 2023: ইন্ডিয়ার বদলে রোহিতদের জার্সিতে ভারত! বিতর্কের আগুন উস্কে দিলেন বীরু
মঙ্গলবার সকাল থেকেই চর্চায় ভারত। ইন্ডিয়া নামের পরিবর্তে এবার কী হতে চলেছে ভারত। সমাজ মাধ্যমে ঝড় তুলেছে রাষ্ট্রপতি ভবনের একটি আমন্ত্রণ পত্র। রাষ্ট্রপতির আয়োজনে জি২০ বৈঠকে একটি নৈশভোজের আমন্ত্রণপত্রে লেখা হয়েছে 'প্রেসিডেন্ট অফ ভারত'। তা নিয়ে দেশের নামবদলের জল্পনা আরও গতি পেয়েছে। বেলা গড়াতেই এই বিতর্কে জড়িয়ে গেল টিম ইন্ডিয়াও।
বিশ্বকাপের জন্য ভারতীয় ঘোষণার পরই বিস্ফোরক টুইট করলেন বীরেন্দ্র শেহওয়াগ। বিরাট রোহিতদের জার্সিতে ইন্ডিয়ার বদলে ভারত লেখার দাবি তুলে বিতর্ক উস্কে দিয়েছেন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। যা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। রাজনীতির ময়দানের গণ্ডি ছাড়িয়ে ভারত বনাম ইন্ডিয়া বিতর্ক এসে পড়ল খেলার মাঠেও।

সোমবার দুপুরে শ্রীলঙ্কায় সাংবাদিক সম্মেলন করে বিশ্বকাপের টিম টুইটারে ঘোষণা করেছেন মুখ্য নির্বাচক অজিত আগরকার, অধিনায়ক রোহিত শর্মা। বিসিসিআইয়ের টুইটকে রিটুইট করে বীরেন্দ্র শেহওয়াগ লিখেছেন, 'টিম ইন্ডিয়া নয়, টিম ভারত। এই বিশ্বকাপে আমরা গলা ফাটাব বিরাট, রোহিত, জাডেজাদের জন্য। ভারত আমাদের হৃদয়ে থাকবে। প্লেয়াররা যে জার্সি পরবে, তাতে লেখা থাকবে ভারত।'
Team India nahin #TeamBharat.
— Virender Sehwag (@virendersehwag) September 5, 2023
This World Cup as we cheer for Kohli , Rohit , Bumrah, Jaddu , may we have Bharat in our hearts and the players wear jersey which has “Bharat” @JayShah . https://t.co/LWQjjTB98Z
তাঁর এই বার্তা নিয়ে যে রাজনীতি হতে পারে তার আগাম অনুমান করেছিলেন ভারতীয় দলের প্রাক্তনী। তাই কিছুক্ষণের মধ্যেই ফের টুইট করে নিজের বক্তব্যের প্রতি যুক্তি দিলেন শেহওয়াগ।
বীরু সমাজ মাধ্যমে লেখেন, 'আমি রাজনীতি নিয়ে আগ্রহী নই। গত দুটো নির্বাচনেই দুটো বড় পার্টির তরফে প্রস্তাব পেয়েছিলাম। আমার পরামর্শ হল, খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোই ভালো। আমি ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে থাকতে ভালোবাসি।'
I am not at all interested in politics. Have been approached by both major parties in the last two elections. My view is that most entertainers or sportsman should not enter politics as most are their for their own ego and hunger for power and barely spare genuine time for… https://t.co/wuodkpp6HT
— Virender Sehwag (@virendersehwag) September 5, 2023
সংসদের আসন্ন বিশেষ অধিবেশনে কি দেশের নাম ইন্ডিয়া থেকে সব ভাষাতেই ভারত করার প্রস্তাব আনতে চলেছে মোদী সরকার? বিশেষ অধিবেশন কী কারণে তা এখনও স্পষ্ট নয় কারও কাছেই। অনেকের দাবি, 'এক দেশ এক ভোট' নিয়ে গুরুত্বপূর্ণ বিল আনা হতে পারে। অনেকেরই আবার দাবি, মহিলা সংরক্ষণ বিল পেশ হতে পারে।

কংগ্রেসের দাবি, ওই আমন্ত্রণপত্রে চিরাচরিত ভাবে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া'-র পরিবর্তে লেখা হয়েছে 'প্রেসিডেন্ট অফ ভারত'। মঙ্গলবারই বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তি অভিনেতা আবার টুইট করেছেন, 'ভারতমাতা কি জয়।' 'ইন্ডিয়া'র বদলে 'ভারত'কে সর্বস্তরে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা চলছে? ইতিমধ্যেই বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বিতর্ক। এরইমধ্যে বীরুর টুইট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications