রোহিতের চওড়া ব্যাটে সিরিজ জয় ভারতের
তৃতীয় টি২০ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত। ভারতের হয়ে ম্যাচ উইনিং ইনিং খেলেন রোহিত শর্মা।
রোহিত শর্মার দুরন্ত শতরানের উপর ভর করে ইংল্যান্ডকে সিরিজের শেষ টি২০ ম্যাচে হারিয়ে দিল ভারত। এরই সঙ্গে ২-১ ব্যবধানে জিতে নিল টি২০ সিরিজ।

এদিন প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে, বোলিংয়ের সিদ্ধান্ত সেই ভাবে কাজে আসেনি ভারতের জন্য। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন জেসন রয়। ৩১ বলে ৬৭ রান করেন জেসন। তাঁর ইনিংসটি সাজানো ছিল চারটি চার এবং সাতটি ছয় দিয়ে। জেসন ছাড়াও রান পান জস বাটলার(৩৪), অ্যালেক্স হেলস(৩০), জনি বেয়াস্ট্রো(২৫)।
ভারতের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ৩৮ রান খরচ করে রান উইকেট নেন হার্দিক। আন্তর্জাতিক টি২০ কেরিয়ারে এটাই তাঁর বল হাতে সেরা পারফরম্যান্স।
হার্দিক ছাড়া দু'টি উইকেট নেন সিদ্ধার্থ কল এবং একটি করে উইকেট নেন দীপক চাহার এবং উমেশ যাদব।
ইংল্যান্ডের ১৯৮ রানের জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ৫৬ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। ১১টি চার এবং ৫টি ছয় দিয়ে সাজানো ছিল রোহিতের ইনিংস। রোহিত ছাড়া রান পান বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন বিরাট। দু'টি চার এবং দু'টি ছয় দিয়ে সাজানো ছিল বিরাটের ইনিংস।
বিরাট আউট হয়ে ফেরার পর এমএস ধোনি এবং সুরেশ রায়নার আগে হার্দিক পান্ডিয়াকে ব্যাট করতে পাঠায় ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব সম্পূর্ণ ভাবে পালন করেন হার্দিক। ১৪ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। চারটি চার এবং দু'টি ছয় দিয়ে সাজানো ছিল হার্দিকের ইনিংস।
বিরাট, হার্দিক, রোহিত রান পেলেও ব্যাট হাতে ব্যর্থ হন শিখর ধবন(৫) এবং কেএল রাহুল(১৯)। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন ডেভিড উইলি, জ্যাক বল এবং ক্রিস জর্ডান। ম্যাচ উইনিং পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। সিরিজের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications