India vs WI 3rd T20I: রানে ফিরে ক্যাপ্টেনকে কৃতিত্ব, একদিনের ক্রিকেটে ব্যর্থতার কথা মানছেন সূর্যকুমার
একদিনেরর সিরিজে সুযোগ পেলেও, তা কাজে লাগাতে পারেননি। প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচে তাঁর ব্যাট থেকে আসেনি প্রত্যাশা অনুযায়ী রান। বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটসম্যানের ফর্ম নিয়ে প্রশ্ন উঠতেও শুরু করেছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচেই ভারতীয় ক্রিকেটে সূর্যদ্বয়।
দীর্ঘদিন ব্যর্থতার পর ব্যাট হাতে রান পেলেন সূর্যসুমার। ৪৪ বলে ৮৩ রানের ইনিংস খেলে ভারতকে জয়ের রাস্তা দেখালেন, সেইসঙ্গে টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদাও রাখলেন। তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে পরেই ব্যাটে নেমে নিজের প্রতিভার প্রতি সুবিচার করলেন সূর্য কুমার যাদব। কেন তিনি এই ফর্ম্যাটে এক নম্বর, তা আরও একবার প্রমাণ করলেন।

ম্যাচ শেষে সূর্যের মুখে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার কথা। তাঁর কথায়, 'আমরা টিম মিটিংয়ে প্রত্যেকেই নিজের মতামত তুলে ধরেছি। সেই বৈঠকে আমাদের অধিনায়ক বলেছিলেন কাউকে দায়িত্বটা নিজের হাতে তুলে নিতে হবে এবং দলের যে কোনও একজনকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। সেটা টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ।'
প্রথম দুটি ম্যাচের মতোই তৃতীয় ম্যাচেও ফ্লপ ভারতের ওপেনিং জুটি। তবে ওপেনারদের ব্যর্থতার মধ্যে ভারতকে জয় এনে দিলেন সূর্যকুমার-তিলক ভার্মা। তাঁর এবং তিলকের জুটি প্রসঙ্গে সূর্য বলেন,'আমরা এখন অনেক দিন ধরে একসঙ্গে ব্যাটিং করছি। আমরা দুজনেই একে অপরকে বুঝি। আজকের দিনটা ওর ছিল। আজ ও অনেক আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করেছে। আমাকে ভালো ব্যাট করতে ও অনেক সাহায্য করেছে।'

দুই উইকেটের পতনের পরই নিজের তেজ দেখানো শুরু করেন সূর্য। চোখের পলকে একটি ঝকঝক সুন্দর ইনিংস খেলে ফেলেন তিনি। মাত্র ৪৪ বলে ৮৩ রানের এই ঝোড়ো ইনিংস ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। কাজ যেটুকু বাকি ছিল অধিনায়ক হার্দিককে সঙ্গে নিয়ে সেটা শেষ করেন তরুণ তিলক ভার্মা । তাঁর সংগ্রহ ৪৯।
ম্যাচ শেষে দলের প্রশংসা করার সঙ্গে সঙ্গেই আলাদাভাবে সূর্যের প্রশংসাও করেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ভারত অধিনায়কের কথায়, 'আমি ভাগ্যবান যে সূর্যের মতো একজনকে পেয়েছি। ও এই ধরনের চ্যালেঞ্জ পছন্দ করে। ও দায়িত্ব নিতে চায়। দলের মধ্যে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসে।'

টি টোয়েন্টিতে সাফল্যের মধ্যেও সূর্যের কাছে কাঁটা হয়ে থাকছে ওডিআই সিরিজে ব্যর্থতা। একদিনের ক্রিকেটে নিজের দুর্বলতার কথা মানছেন সূর্যকুমার নিজেও।
তাঁর কথায়, 'আমার একদিনের ম্যাচে পারফরম্যা ন্স খুবই খারাপ এবং এটা মেনে নিতে লজ্জার কিছু নেই। সৎ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। রোহিত এবং রাহুল আমাকে বলেছেন যে এটি এমন একটি ফর্ম্যাট যেখানে আমি খুব বেশি খেলেনি এবং আমাকে সেই ফর্ম্যাটেও উন্নতি করতে হবে।'












Click it and Unblock the Notifications