India vs West Indies 1st Test: রোহিত ঈর্ষণীয় নজিরে বিরাটের পরেই, যশস্বীকে নিয়ে ভারতকে দাঁড় করালেন মজবুত ভিতে
India vs West Indies 1st Test: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত রানের পাহাড় গড়ার দিকে এগোচ্ছে। নখদন্তহীন বোলিং আক্রমণের বিরুদ্ধে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল এগিয়ে চলেছেন শতরানের দিকেও।
এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ব্যাটার হিসেবে রোহিত শর্মা গড়লেন ঈর্ষণীয় নজির। রইলেন বিরাট কোহলির পরেই।

আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন বিরাট কোহলি ছাড়া আর কোনও ব্যাটারের তিন ফরম্যাটে সাড়ে তিন হাজার রানের নজির ছিল না। সেই মাইলস্টোন এদিন স্পর্শ করলেন রোহিত শর্মা। কেরিয়ারের ৫১তম টেস্টে ১৫তম অর্ধশতরান পূর্ণ করার ফাঁকেই তিনি এই নজির স্পর্শ করেন। রোহিত যেভাবে খেলছেন তাতে টেস্টে দশম শতরান হাঁকানো অসম্ভব নয়।
রোহিত এই টেস্টের আগে ৫০টি টেস্টে ৩৪৩৭ রান করেছিলেন। ২৪৩টি একদিনের আন্তর্জাতিকে তাঁর ৯৮২৫ রান রয়েছে। ১৪৮টি টি ২০ আন্তর্জাতিকে তিনি করেছেন ৩৮৫৩ রান। বিরাট কোহলি ১১০তম টেস্ট খেলছেন, ব্যাট করতে নামতে হয়নি। তাঁর রান ৮৪৭৯। একদিনের আন্তর্জাতিকে ২৭৪ ম্যাচে ১২৮৯৮ ও ১১৫টি টি ২০ আন্তর্জাতিকে ৪০০৮ রান করেছেন।

আজ ৬৩ রান পূর্ণ করার সঙ্গেই রোহিত নাম লিখিয়ে ফেলেন এলিট লিস্টে। রোহিত শর্মা ১০৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন। অভিষেক টেস্টে অর্ধশতরান পূর্ণ করে শতরানের দিকে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল। লাঞ্চের আগে হেলমেটে বল লাগায় তাঁর কনকাসন টেস্ট হয়। লাঞ্চে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ১৪৬।
যশস্বী অর্ধশতরান করেন ১০৪ বলে। লাঞ্চের আগেই ওয়েস্ট ইন্ডিজের রাহকিম কর্নওয়াল বুকে সংক্রমণের কারণে মাঠের বাইরে গিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা একেবারেই প্রভাব বিস্তার করতে পারেননি ভারতের ওপেনারদের উপর। শেষ পাওয়া খবরে, ভারতের স্কোর ৬৬ ওভারে বিনা উইকেটে ১৮৯। রোহিত ৮২ ও যশস্বী ৯৩ রানে ক্রিজে রয়েছেন।












Click it and Unblock the Notifications