বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে আমেদাবাদে খেলবে না পাকিস্তান! পাল্টা চাপ দিতে চলেছে পিসিবি
এশিয়া কাপ পাকিস্তান থেকে সরানোর পথে হাঁটতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড কোণঠাসা অবস্থায়। মুখ বাঁচাতে বিভিন্ন সময় শর্ত আরোপের কথা ভাসিয়ে দেওয়া হচ্ছে সংবাদমাধ্যমে। আবার পরে সেটাই অস্বীকারও করছে পিসিবি।
এই খেলা চলার মধ্যেই এবার নতুন ফন্দি আঁটছে নাজম শেঠির পিসিবি। এশিয়া কাপ পাকিস্তানে না হলে লজ্জায় মাথায় কাটা যাবে। মুখরক্ষার তাগিদে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ নিয়ে আইসিসির উপর চাপ তৈরির রণকৌশল নেওয়া হচ্ছে। যা অবশ্য বাস্তবে বালির বাঁধ!

বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছিল, পাকিস্তান নাকি বিশ্বকাপের ম্যাচ কলকাতা বা চেন্নাইয়ে খেলতে আগ্রহী। সেখানকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশও পিসিবি করে আইসিসির কাছে। জল্পনা রয়েছে, পাকিস্তানের বেশিরভাগ ম্যাচ চেন্নাই ও বেঙ্গালুরুতে হতে পারে। কলকাতাও রয়েছে এই তালিকায়।
ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে করার পরিকল্পনা রয়েছে। এখানেই সবচেয়ে বেশি দর্শকাসন। বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ-র শহরে এই ম্যাচের প্রস্তুতি চলছে। জয়ই প্রথম জানিয়েছিলেন, এশিয়া কাপ খেলতে ভারত যাবে না পাকিস্তানে। তাই জয়কে চাপে ফেলতে চাইছে পিসিবি।

এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে গেলে পিসিবি বিশ্বকাপ খেলা নিয়ে কোন অবস্থান নেয় তা নিয়ে জল্পনা চলছে। পাকিস্তানের যদিও বিশ্বকাপ বয়কটের পথে হাঁটার সাহস নেই। জিও টিভিতে পিসিবির এক আধিকারিক জানিয়েছেন, বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশের আগে বিস্তারিত কিছু জানানো হচ্ছে না। তবে পাকিস্তান আমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলতে সম্ভবত রাজি হবে না।
নির্দিষ্ট কারণেই ভারত-পাকিস্তান ম্যাচ আমেদাবাদে হোক, সেটা চাইছে না বলে দাবি করেছে ওই সূত্র। তবে ভারতে বিশ্বকাপ খেলতে আসার অনুমতি ভারত সরকার যে দেবে সে সম্পর্কে ওয়াকিবহাল পিসিবি। এই পরিস্থিতিতে আমেদাবাদে যদি ভারত-পাকিস্তান ম্যাচ না হয় তাহলে চেন্নাই, বেঙ্গালুরু বা কলকাতায় তা হতে পারে।

২০১৬ সালে টি ২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ হয়েছিল ইডেনে। সেই শেষবার এ দেশে খেলে পাকিস্তান। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। ভারতে আসন্ন বিশ্বকাপে খেলার পাল্টা হিসেবে সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে বিসিসিআইয়ের থেকে লিখিত গ্যারান্টি পিসিবি চাইতে পারে বলে জল্পনা রয়েছে। যদিও তা উড়িয়ে দিয়েছে পিসিবি।

উল্লেখ্য, এশিয়া কাপের ম্যাচগুলি দুটি দেশে আয়োজনের প্রস্তাব দিয়েছিল পিসিবি। ভারতের ম্যাচগুলি কোনও একটি দেশে এবং বাকি ম্যাচগুলি পাকিস্তানে দেওয়ার অনুরোধ জানানো হয়। যদিও আর্থিক ক্ষতির আঁচ করে সেই হাইব্রিড মডেল এসিসি মানবে না। আগামী মাসে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। আইপিএলের পর প্রকাশিত হবে বিশ্বকাপের সূচিও।












Click it and Unblock the Notifications