India vs Bangladesh: টেস্ট ৩০০ উইকেট জাদেজার, কানপুরেই স্পর্শ করলেন কপিল-অশ্বিনের রেকর্ড
রেকর্ড গড়তে প্রয়োজন ছিল মাত্র ১ উইকেটের। কানপুরে সোমবার প্রথম ইনিংসে বল ১ উইকেট নিয়েই টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রবীন্দ্র জাদেজা।
সোমবার বল হাতে শুরু থেকেই বাংলাদেশের ব্যাটারদের দ্রুত ফেরানোর রণকৌশল নেন ভারতীয় বোলাররা। বুমরাহ-সিরাজদের দাপটে দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একটা সময় ৯ উইকেটও পড়ে যায় বাংলাদেশের। কিন্তু জাদেজা তখনও কোনও উইকেট সংগ্রহ করতে পারেননি। তবে চেন্নাইতে না পারলেও ঐতিহ্যের কানপুরেই টেস্টে ৩০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন জাড্ডু।

বাংলাদেশের শেষ ব্যাটার খালেদ আহমেদকে আউট করার সঙ্গে সঙ্গেই টেস্টে ৩০০ উইকেট হয়ে গেল জাদেজার। তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে ৩ হাজার রান এবং ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন জাড্ডু। এরআগে কপিল দেব এবং আর অশ্বিনের এই রেকর্ড আছে।সোমবার এক উইকেট নিলেও একগুচ্ছ রেকর্ড ও নজির গড়লেন স্যার জাদেজা। বিগত কয়েক বছর ধরেই ভারতীয় দলের অন্যতম সেরা অল রাউন্ডারের নাম রবীন্দ্র জাদেজা। টেস্ট হোক বা সীমিত ওভারের ম্যাচ। বেশিরভাগ ম্যাচেই ব্যাট-বল হাতে কার্যকরী ভূমিকা নিয়েছেন সৌরাষ্ট্রের এই ক্রিকেটার.।
টেস্টে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেটের সঙ্গে ৩ হাজার রান করেছেন জাড্ডু। জাড্ডু এই নজির গড়তে খেলেছেন ৭৪টি টেস্ট ম্যাচ। তাঁর আগে রয়েছেন ইয়ান বোথাম। তিনি করেছিলেন ৭২ ম্যাচে। এশিয়ার মধ্যে দ্রুততম হিসেবে এই মাইল ফলক স্পর্শ করলেন জাদেজা।এর আগে ইমরান খান ৭৫ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন, কপিল করেছিলন ৮৪ ম্যাচ খেলে।
কপিল দেব টেস্টে ৪৩৪ উইকেট নেওয়ার পাশাপাশি করেছিলেন ৫২৩৮ রান। অশ্বিন এখনও পর্যন্ত ৫২৪ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে ৩৪২২ রান করেছেন। জাদেজা ৩০০ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ৩১২২ রান। জাদেজা ভারতের সপ্তম বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেট সংগ্রহ করলেন। উইকেট প্রাপ্তির নিরিখে জাদেজার আগে রয়েছেন কুম্বলে, অশ্বিন, হরভজন।
এরআগে চিপকে কঠিন সময়ে ব্যাট হাতে ৮৬ রান করেন, কিন্তু প্রিয় সেই মাঠে ৩০০ উইকেট নেওয়ার স্বপ্নপূরণ হয়নি, অবশেষে সেটা হল গ্রিনপার্কে।












Click it and Unblock the Notifications