Cheteshwar Pujara: চেতেশ্বর পূজারা টেস্ট শতরান পেলেন তিন বছর পর, বাংলাদেশের বিরুদ্ধে জয়ের কাছাকাছি ভারত
শুভমান গিলের পর চট্টগ্রাম টেস্টে শতরান হাঁকালেন চেতেশ্বর পূজারা। ভারতের দ্বিতীয় ইনিংসে। ১৪৪৩ দিন এবং ৫২ ইনিংসের পর টেস্ট শতরান এলো পূজারার ব্যাটে। কেরিয়ারের ১৯তম টেস্ট শতরান এদিন তিনি পূর্ণ করেন ১৩০ বল খেলে। পূজারার সেঞ্চুরি নিশ্চিত হতেই ২ উইকেটে ২৫৮ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ভারত। বাংলাদেশের সামনে ৫১৩ রানের পাহাড় প্রমাণ টার্গেট। টেস্টের বাকি দুই দিন।
|
ক্যাপ্টেন রাহুল লাকি
মজার বিষয় হলো বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার ব্যাটে শতরানের খরা মেটানোর সঙ্গে জড়িয়ে থাকল লোকেশ রাহুলের নাম। ২০১৯ সালের পর থেকে শতরান পাচ্ছিলেন না বিরাট। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট ৬১ বলে অপরাজিত ১২২ রান করেছিলেন, টি ২০ আন্তর্জাতিকে তাঁর একমাত্র শতরানটি এসেছে রাহুলের নেতৃত্বেই। একদিনের আন্তর্জাতিকে বিরাট কোহলির ব্যাটে ৩ বছর পর শতরান এসেছে সেই রাহুলের ক্যাপ্টেন্সিতেই, চলতি বাংলাদেশ সফরে। তারপর পূজারার ব্যাটে টেস্ট শতরানের খরা মিটল, এই টেস্টেও নেতৃত্বে সেই রাহুল।
|
কাটল খরা
২০১৯ সালের জানুয়ারিতে চেতেশ্বর পূজারা সিডনি টেস্টে শতরান হাঁকিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই টেস্টে করেন ১৯৩ রান। এরপর আজ ফের টেস্ট শতরান, যা তাঁর কেরিয়ারে বলের নিরিখে দ্রুততম। প্রথম ইনিংসে আউট হয়েছিলেন ৯০ রানে। স্বাভাবিকভাবেই পূজারার ফর্মে ফেরা স্বস্তি দেবে টিম ম্যানেজমেন্টকে। বাংলাদেশ সফরে সফল না হলে পূজারার পক্ষে জায়গা ধরে রাখা কঠিন হতো। রোহিত শর্মা ছিটকে যাওয়ার পর লোকেশ রাহুলকে অধিনায়ক ও পূজারাকে সহ অধিনায়ক করা হয়েছে।

দ্রুততম শতরান
পূজারা এদিন অর্ধশতরান পূর্ণ করেছিলেন ৮৭ বলে। তখনও অবধি তিনি পাঁচটি বাউন্ডারি মেরেছিলেন। এর পরের ৫০ করতে নিলেন ৪৩ বল। ১৩টি চারের সাহায্যে পূজারা অপরাজিত থাকলেন ১৩০ বলে ১০২ রান করে। ভারত বাংলাদেশকে ফলো অন করায়নি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬১.৪ ওভারে ২ উইকেটে ২৫৮ তুলে ইনিংস ডিক্লেয়ার করে লোকেশ রাহুলের ভারত। রাহুল ২৩ রানে আউট হন। শুভমান গিল করেন ১৫২ বলে ১১০। বিরাট কোহলি ২৯ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।
|
চার দিনেই জয় আসবে?
জবাবে খেলতে নেমে দিনের শেষে বাংলাদেশের স্কোর ১২ ওভারে বিনা উইকেটে ৪২। বাংলাদেশকে জিততে হলে এখনও দুই দিনে ৪৭১ রান করতে হবে। যা কার্যত অসম্ভব। নাজমুল হোসেন শান্ত ২২ ও জাকির হাসান ২০ রানে ব্যাট করছেন। চার দিনেই দুই টেস্টের সিরিজের প্রথমটিতে জয় ছিনিয়ে নিতে চাইছে ভারতীয় শিবির। এই ১২ ওভারের মধ্যে মহম্মদ সিরাজ তিনটি ও উমেশ যাদব এক ওভার বল করেছেন। বাকি ওভারগুলি করেছেন স্পিনাররা। রবিচন্দ্রন অশ্বিন ৫, অক্ষর প্যাটেল ২ ও কুলদীপ যাদব এক ওভার করেছেন। প্রথম ইনিংসে কুলদীপ একাই নেন কেরিয়ার-বেস্ট চার উইকেট।












Click it and Unblock the Notifications