Ind vs Aus T20Is: টি ২০ আন্তর্জাতিকে দুই বছরে ৯ ভারত অধিনায়ক! কেন তেরোর গেরো সামলানোর চ্যালেঞ্জ সূর্যকুমারের?
India vs Australia T20Is: আজ থেকে বিশাখাপত্তনমে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজ। হার্দিক পাণ্ডিয়া বিশ্বকাপের সময় চোট পেয়েছেন। আইপিএলের আগে তিনি ফিরতে পারবেন না বলে মনে করা হচ্ছে।
আগামী বছরই টি ২০ বিশ্বকাপে। সেই বিশ্বকাপে হার্দিকই নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে। তবে তাঁর অনুপস্থিতিতে আপাতত টি ২০ আন্তর্জাতিকে ভারতের ক্যাপ্টেন্সির ব্যাটন গিয়েছে সূর্যকুমার যাদবের হাতে।

২০২১ সালের টি ২০ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েই দায়িত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। সেই নিরিখে আজ সূর্যকুমার যাদব ভারতের নবম টি ২০ আন্তর্জাতিক অধিনায়ক হিসেবে দল নিয়ে নামতে চলেছেন। ২০২২ সালের টি ২০ বিশ্বকাপে নেতৃত্ব দেন রোহিত শর্মা। তারপর আর খেলেননি এই ফরম্যাটে। রোহিত টি ২০ আন্তর্জাতিক আর খেলবেন না বলেই খবর।
২০২১ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারত ১০টি টি ২০ আন্তর্জাতিকে ৬টি জেতে, হারে চারটিতে। ওই বছর শিখর ধাওয়ান ভারতকে নেতৃত্ব দেন ৩টি টি ২০ আন্তর্জাতিকে। জয় ১টিতে, হার ২টিতে। রোহিত শর্মা ২০২১ ও ২০২২ মিলিয়ে ভারতকে ৩২টি টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দেন, ২৪টিতে জয়, ৮টিতে পরাজয়।
২০২২ সালে ঋষভ পন্থের নেতৃত্বে ভারত ৫টি টি ২০ আন্তর্জাতিক খেলে, জয় ২টিতে, হার ২টিতে, ১টি পরিত্যক্ত। ২০২২ ও ২০২৩ মিলিয়ে হার্দিকের নেতৃত্বে ভারত ১৬টি টি ২০ আন্তর্জাতিক খেলেছে, জয় ১০টি, হার ৫টি, ১টি টাই। লোকেশ রাহুল ভারতকে ২০২২ সালে একটি টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দেন, ভারত সেই ম্য়াচটি জিতেছিল।
চলতি বছর ভারত জসপ্রীত বুমরাহর অধিনায়কত্বে ২টি টি ২০ আন্তর্জাতিক খেলে ২টিতেই জিতেছে। এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দেন ঋতুরাজ গায়কোয়াড়। ৩টি ম্যাচে ২টিতে জয়, ১টি পরিত্যক্ত। অস্ট্রেলিয়া সিরিজের পর দক্ষিণ আফ্রিকাতেও টি ২০ সিরিজে সূর্যকুমারেরই নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা। কেন না, অস্ট্রেলিয়া সিরিজের শেষ দুটি ম্যাচে শ্রেয়স আইয়ার থাকলেও তিনি সহ অধিনায়ক।
সূর্যকুমার যাদবের একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। অনেকেই ১৩-কে আনলাকি মানেন। আনলাকি থার্টিন। সূর্য ভারত অধিনায়ক হচ্ছেন টি ২০ ফরম্যাটে। টি ২০ আন্তর্জাতিকে ভারতের ত্রয়োদশ অধিনায়ক হিসেবে। টি ২০ আন্তর্জাতিকে ভারতকে ২০০৬ সালে প্রথমবার নেতৃত্ব দেন বীরেন্দ্র শেহওয়াগ। সেই ম্যাচে ভারত জেতে।
২০০৭ থেকে ২০১৬ সাল অবধি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত টি ২০ আন্তর্জাতিকে ৭২টি ম্যাচ খেলে, জয় ৪১টিতে, পরাজয় ২৮টিতে, টাই ১টি, পরিত্যক্ত ২টি। সুরেশ রায়নার নেতৃত্বে ২০১০ ও ২০১১ সালে ভারত তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলেছে, জিতেছে তিনটিতেই। ২০১৫ সালে অজিঙ্ক রাহানে ভারতকে ২টি টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দেন। জয় একটিতে, হার একটিতে।
২০১৭ থেকে ২০২১ অবধি বিরাট কোহলি ভারতকে ৫০টি টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছেন, জয় ৩০টিতে, হার ১৬টিতে, টাই ২টি, পরিত্যক্ত ২টি। রোহিত শর্মা ২০১৭ থেকে ২০২২ অবধি ভারতকে ৫১টি টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছেন। জয় এসেছে ৩৯টি ম্যাচে, হার ১২টিতে। ফলে সবচেয়ে বেশি ম্যাচে ভারতকে টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ধোনির রেকর্ড ভাঙা খুবই কঠিন।












Click it and Unblock the Notifications