সিরাজ-জাদেজার বল হাতে দাপট, আমেদাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারাল ভারত
আড়াই দিনেই শেষ হয়ে গেল আমেদাবাদ টেস্ট। ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারাল ভারত। গত বছর নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে তিনটি টেস্টে টানা হেরেছিল ভারত।
ফলে দেশের মাটিতে ফের টেস্ট জয়ের সরণিতে ফিরল শুভমান গিল অ্যান্ড কোম্পানি। দ্বিতীয় ইনিংসে বল হাতে জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজরা।

ওয়েস্ট ইন্ডিজকে টেস্টের প্রথম দিনেই প্রথম ইনিংসে ১৬২ রানে থামানোর পর ভারত গতকাল দ্বিতীয় দিনের শেষে তুলেছিল ৫ উইকেটে ৪৪৮। আজ আর ভারত ব্যাট করতে নামেনি। ২৮৬ রানের লিড নিয়েই ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এরপর মধ্যাহ্নভোজের আগেই তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজের পাঁচ উইকেট। লাঞ্চে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ২৭ ওভারে ৫ উইকেটে ৬৬। বাকি পাঁচ উইকেট তুলতে দ্বিতীয় সেশনও পুরো লাগল না।
তেজনারায়ণ চন্দ্রপল ৮, জন ক্যাম্পবেল ১৪, ব্র্যান্ডন কিং ৫, অধিনায়ক রস্টন চেজ ১ ও শেই হোপ ১ রান করে সাজঘরে ফেরেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক রান করলেন অ্যালিক আথানেজ। তিনি করলেন ৩৮। জাস্টিন গ্রিভস ২৫, জোমেল ওয়ারিকান ০, জোহান লেন ১৪ রান করেন। ১২২ রানে নবম উইকেট পড়ে গিয়েছিল ক্যারিবিয়ানদের।
এগারো নম্বরে নামা জেডেন সিলস ঝোড়ো ব্যাটিং করতে থাকেন। নিজের বলে কুলদীপ তাঁর ক্যাচ নিতেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। সিলস ১২ বলে ২২ রান করেন ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে। খারি পিয়ের ১৩ রানে অপরাজিত থাকেন। ৪৫.১ ওভারে ১৪৬ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস।
রবীন্দ্র জাদেজা তিনটি মেডেন-সহ ১৩ ওভারে ৫৪ রান দিয়ে চার উইকেট নিলেন। মহম্মদ সিরাজের ১১ ওভারে ২টি মেডেন, তিনি ৩১ রান খরচ করে নিলেন তিন উইকেট। দেশের মাটিতে কোনও টেস্টে এই প্রথম তিনি পাঁচ বা তার বেশি উইকেট দখল করলেন। সিরাজ প্রথম ইনিংসে নেন চার উইকেট।
কুলদীপ যাদব ২টি মেডেন-সহ ৮.১ ওভারে ২৩ রান দিয়ে দুটি উইকেট পান। ওয়াশিংটন সুন্দরের ৭ ওভারের ১টি মেডেন, ১৮ রান দিয়ে তিনিও একটি উইকেট নিলেন। জসপ্রীত বুমরাহ ১টি মেডেন-সহ ৬ ওভারে ১৬ রান দিলেন, কোনও উইকেট পাননি। ১০ অক্টোবর থেকে দিল্লিতে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট।












Click it and Unblock the Notifications