বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল টাই বা ড্র হলে কীভাবে চ্যাম্পিয়ন? জানিয়ে দিল আইসিসি
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সাউদাম্পটনে ১৮ জুন থেকে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। ফাইনাল ড্র বা টাই হলে কীভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে, অবশেষে তা জানিয়ে দিল আইসিসি।

ফাইনাল চলাকালীন খেলার সময় নষ্ট হলে তা পুষিয়ে নিতে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তারপরেও যদি ফয়সালা না হয় তাহলে ঘোষণা করা হবে যুগ্ম চ্যাম্পিয়ন। ২৩ জুনকে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল ২০১৮ সালের জুনে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর অনেক আগেই।

পাঁচ দিন ধরে পুরো খেলা হলে তাহলে রিজার্ভ ডে-তে কোনও খেলা হবে না। এমনিতে টেস্ট ম্যাচে ৩০ ঘণ্টায় ৪৫০ ওভার খেলা হওয়ার কথা। পুরো খেলা হলে টেস্ট যদি ড্র বা টাই হয় তাহলেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা হবে। ম্যাচে কতটা সময় নষ্ট হলো বা কীভাবে তা পুষিয়ে নেওয়া যেতে পারে সে ব্যাপারে ম্যাচ রেফারি দলগুলি ও মিডিয়াকে নিয়মিত আপডেট জানাতে থাকবেন। ম্যাচ রিজার্ভ ডে-তে গড়াবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে পঞ্চম দিনে শেষ ঘণ্টার খেলা শুরুর সময়ই।

ভারত দেশের মাটিতে এসজি টেস্ট বলে খেলে থাকে। নিউজিল্যান্ড খেলে কোকাবুরা বলে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে ডিউক গ্রেড ওয়ান বলে। আন্তর্জাতিকে ক্রিকেটে কিছু নতুন নিয়ম চালু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা একদিনের সিরিজ থেকে। সেই নিয়মগুলিও প্রযোজ্য থাকবে ফাইনালে। শর্ট রানের ক্ষেত্রে তা অটোমেটিক রিভিউ করে পরের বল হওয়ার আগেই অন-ফিল্ড আম্পায়ারকে জানিয়ে দেবেন তৃতীয় আম্পায়ার। লেগ বিফোরের ক্ষেত্রে রিভিউ নেওয়ার আগে ব্যাটসম্যান বল খেলার চেষ্টা করেছিলেন কিনা সে বিষয়ে ফিল্ডিং দলের অধিনায়ক ও আউট হওয়া ব্যাটসম্যান আম্পায়ারের সঙ্গে কথা বলে নিতে পারবেন। লেগ বিফোর রিভিউয়ের ক্ষেত্রে উইকেট জোনের উচ্চতার সীমারেখা স্টাম্পের উপর অবধি ধার্য করা হয়েছে। উচ্চতা ও প্রস্থের নিরিখে আম্পায়ারস কল ডিসিশনে আরও স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ।












Click it and Unblock the Notifications