India In Australia: ভারত নভেম্বরেই যাচ্ছে অস্ট্রেলিয়া সফরে, ৩৩ বছর পর ৫ টেস্টের সিরিজ, শুরু কোথায়?
India In Australia: নভেম্বরের শেষে ভারতীয় দল যাচ্ছে অস্ট্রেলিয়া সফরে। ১৯৯১-৯২ মরশুমের পর এই প্রথম ডাউন আন্ডারে ভারত খেলবে পাঁচ টেস্টের সিরিজ।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পাঁচটি টেস্ট কোথায় কোথায় হবে তা ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

১৯৯১-৯২ সালেও নভেম্বরেই ভারত গিয়েছিল অস্ট্রেলিয়া সফরে। পাঁচ টেস্টের সিরিজ ৪-০ ব্যবধানে জেতে অজিরা। প্রথম টেস্ট ব্রিসবেনে অস্ট্রেলিয়া জেতে ১০ উইকেটে, দ্বিতীয় টেস্ট মেলবোর্নে জেতে ৮ উইকেটে, সিডনিতে তৃতীয় টেস্ট ড্র হয়। অ্যাডিলেডে চতুর্থ টেস্ট ৩৮ রান ও পারথে পঞ্চম টেস্ট অস্ট্রেলিয়া জিতেছিল ৩০০ রানে।
এবার পারথ টেস্ট দিয়েই ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হবে বলে দ্য সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে উল্লেখ। ২০২০-২১ মরশুমে ভারত যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল তখন পারথেই কোন টেস্ট হয়নি। ফলে এখানেই প্রথম টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট হবে বলে জানা যাচ্ছে। সেটি আবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট। তৃতীয় টেস্ট ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। বক্সিং ডে টেস্টটি রীতি মেনে হবে মেলবোর্নে। সিডনিতে হবে নিউ ইয়ার টেস্ট। বক্সিং ডে টেস্ট ও নিউ ইয়ার টেস্ট এই দুটি স্টেডিয়ামেই হয়ে আসছে অস্ট্রেলিয়ার ক্রিকেট ক্যালেন্ডার অনুযায়ী।
২০১৪-১৫ মরশুমে অস্ট্রেলিয়া সফরে গিয়ে শেষবার টেস্ট সিরিজে হেরেছিল ভারত। সেবার চার টেস্টের সিরিজ অজিরা জিতেছিল ২-০ ব্যবধানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চারটি দ্বিপাক্ষিক টেস্ট সিরিজেই ভারত জিতেছে। তার মধ্যে দুটি দেশের মাটিতে, দুটি অস্ট্রেলিয়ায় গিয়ে।
২০১৮-১৯ ও ২০২০-২১ মরশুমে টানা দুটি টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ায় জিতেছিল ভারত। দুটিই ছিল চার টেস্টের সিরিজ। ভারত জয়লাভ করেছিল ২-১ ব্যবধানে। যার ফলে বর্ডার-গাভাসকর ট্রফি এখন ভারতের দখলেই রয়েছে। ভারতকে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতেছিল অজিরা। চলতি সংস্করণেও আসন্ন সিরিজ গুরুত্বপূর্ণ হতে চলেছে।












Click it and Unblock the Notifications