ইতিহাসে কোহলিরা : ২২ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জয় ভারতের
কলম্বো, ১ সেপ্টেম্বর : ১৯৯৩ সালের পরে ২০১৫। দীর্ঘ ২২ বছরের ব্যবধানে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতল বিরাট কোহলির ভারত। কৃতিত্বটা এতটাই বড় কারণ তাঁর পূর্বসুরী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, এমনকী সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই ইতিহাসকে ছুঁয়ে দেখতে পারেনি যা পারলেন বিরাট।
এদিন জিততে গেলে শ্রীলঙ্কাকে ৩৮৬ রান তুলতে হত। হাতে ছিল মাত্র ৭ উইকেট। ভারতের জয়ের মাঝে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথেউজ। তাঁর ১১০ রানের ইনিংসও ম্যাত বাঁচাকে পারল না। রবিচন্দ্রণ অশ্বিনের অফ স্পিন ও ইশান্ত শর্মার পেসের উপরে ভর করে শেষ টেস্ট জিতল ভারত।

তিন টেস্টের সিরিজে প্রথম টেস্টটি হেরে গিয়েছিল ভারত। দ্বিতীয় টেস্টে অনবদ্যভাবে ফিরে এসে সিরিজে সমতা ফেরান বিরাটরা। এরপরে কলম্বো টেস্ট যে জিতত সিরিজ পকেটে পুরে নিত তারাই।
এমন অবস্থায় খেলতে নেমে প্রথম ইনিংসে ৩১২ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২০১ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। লঙ্কাবাহিনীর ইনিংসে কাঁপন ধরান ইশান্ত শর্মা, তিনি নেন ৫ উইকেট।
এরপরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৭৪ রানে শেষ হয় ভারতের ইনিংস। অর্ধশতরান করেন রোহিত শর্মা (৫০) ও আর অশ্বিন (৫৮)। ফলে শ্রীলঙ্কার সামনে শেষ ইনিংসে জেতার জন্য ৩৮৬ রানের লক্ষ্য সামনে রাখে ভারত।
গতকাল ৩ উইকেট খোয়ানোর পর এদিন জেতার জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র ৭ উইকেট। তবে ম্যাচ বাঁচানোর তীব্র লড়াই চালান অ্যাঞ্জেলো ম্যাথেউজ (১১০ রান) ও কুশল পেরেরা (৭০ রান)। তবে অশ্বিনের (৬৯/৪) অফস্পিনের ছোবলে ধরাশায়ী হয় লঙ্কাবাহিনী। ম্যাথেউজের উইকেটটি অবশ্য নেন ইশান্ত শর্মাই। ফলে ভারতও টেস্ট জিতে নিল ১১৭ রানে।












Click it and Unblock the Notifications