জয়সওয়ালের প্রথম শতরান, অনবদ্য রোহিত-কোহলি, প্রোটিয়াদের শেষ ওডিআই হারিয়ে সিরিজ জয় ভারতের
দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনমে যশস্বী জয়সওয়ালের প্রথম আন্তর্জাতিক ওডিআই শতরান এবং বিরাট কোহলি ও রোহিত শর্মার অনবদ্য অর্ধশতরানে ভর করে ভারত ২৭১ রানের লক্ষ্য তাড়া করে নিল মাত্র ৩৯.৫ ওভারে।
কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ দুজনেই চারটি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২৭০ রানে অলআউট করে দেন। শিশিরভেজা সন্ধ্যায় এটি জেতার মতো স্কোরের চেয়ে প্রায় ৮০ রান কম ছিল। কুইন্টন ডি কক সেঞ্চুরি করলেও, ভারতীয় বোলারদের দাপটে প্রোটিয়া দল বড় স্কোর গড়তে পারেনি।

ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তটি এসেছিল টসের সময়। পার্ট টাইম অধিনায়ক কেএল রাহুল টসে জিতে আনন্দের ফেটে পড়েন। কারণ ভারত এর আগে টানা ২০টি ওয়ানডেতে টসে জিততে পারেনি, যা ছিল এক অবিশ্বাস্য ধারা। রায়পুরের দ্বিতীয় ওডিআই-তে শিশিরের কারণে হারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাহুল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে এতটুকু দ্বিধা করেননি।
টসের পর থেকে ভারত আর পিছন ফিরে তাকায়নি। এদিন দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই উড়িয়ে দিয়ে ভারত। এই সিরিজ জয় গত মাসে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার যন্ত্রণা কিছুটা উপশম করল।
যশস্বী জয়সওয়াল অপরাজিত ১১৬ রানে ইনিংস শেষ করেন। বিরাট কোহলি ৬৫ রানে অপরাজিত থাকেন। ভারত ১০.১ ওভার ও ৯ উইকেট বাকি থাকতেই সহজে জয় নিশ্চিত করে। ব্যাট হাতে রোহিত শর্মার শুরুতে আগ্রাসী ব্যাটিং যশস্বী জয়সওয়ালকে চাপমুক্ত রেখেছিল।
এদিন রোহিত দুর্ভাগ্যবশত তাঁর প্রাপ্য সেঞ্চুরি মিস করেন। জয়সওয়াল দারুণভাবে নিজের খেলা পরিবর্তন করে এদিন প্রথম ওডিআই শতরান করেন।
রোহিত এবং জয়সওয়াল রানের পাহাড় গড়লেও খেলা শেষ করেন বিরাট কোহলি। তিনি দুর্দান্ত স্ট্রোক খেলে ফের ক্রিকেট বিশ্বকে মনে করিয়ে দিয়েছেন যে ওডিআই ক্রিকেটে তিনি হয়তো আরও একটি শিখরে পৌঁছবেন। সিরিজে দুটি শতরান ও একটি অর্ধশতরান দিয়ে কোহলি প্রমাণ করেছেন যে তিনি এখনও ক্ষুধার্ত এবং ২০২৭ সালের বিশ্বকাপ পরিকল্পনা তাঁর মাথায় রয়েছে।












Click it and Unblock the Notifications