বিশ্বের ১ নম্বর দলের তকমা ধরে রাখতে পারবে ভারত? রোহিত-জাদেজাদের অনুশীলন দেখলেন ধোনি
ভারত দেশের মাটিতে ২০১৯ সালের পর থেকে একদিনের সিরিজে হারেনি। শেষবার হেরেছিল অস্ট্রেলিয়ার কাছেই। মুম্বইয়ে ভারতের জয়ের পর বিশাখাপত্তনমে দাপুটে জয় ছিনিয়ে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ এখন ১-১। কাল চেন্নাইয়ের চিপকে সিরিজ নির্ণায়ক তৃতীয় একদিনের আন্তর্জাতিক। এই ম্য়াচ হারলে ভারতের জোড়া বিপদ।

এক নম্বর স্থানের লড়াই
টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারালেও তাদের সরিয়ে বিশ্বের ১ নম্বর দল হতে পারেনি ভারত। একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিকে অবশ্য এই মুহূর্তে বিশ্বের ১ নম্বরেই রয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে কাল হারালে মেন ইন ব্লু সেই জায়গা ধরে রাখতে পারবে। যদিও সিরিজের শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া জয় ছিনিয়ে নেয় তাহলে অজিরা যেমন সিরিজ পকেটে পুরবে, তেমনই ভারতকে নামাবে ওডিআইয়ের বিশ্বের ১ নম্বর দলের সিংহাসন থেকে।

ভারতের ঘাড়ে নিঃশ্বাস অস্ট্রেলিয়ার
১৪ মার্চ আইসিসি যে ওডিআই দলগত র্যাঙ্কিং প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, ভারত ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে একে রয়েছে। অস্ট্রেলিয়া ১১২ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। অস্ট্রেলিয়া যদি কালকের ম্যাচে জিতে যায় তাহলে ভারত ও অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট সমান হয়ে যাবে। দুই দলের রেটিং পয়েন্ট হবে ১১৩। আবার ভারত যদি শেষ ম্যাচে স্টিভ স্মিথদের হারিয়ে দেয় তাহলে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে ভারত ১ নম্বর জায়গা দখলে রাখবে। সেক্ষেত্রে রেটিং পয়েন্ট হবে ১১৫।

ঊনিশের পুনরাবৃত্তি?
২০১৯ সালে ভারত থেকে অস্ট্রেলিয়া যে ওডিআই সিরিজ জিতে ফিরেছিল তাতে সর্বাধিক উইকেটশিকারী ও সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন যথাক্রমে প্যাট কামিন্স ও উসমান খোয়াজা। চলতি সিরিজে সবচেয়ে বেশি রান করেছেন মিচেল মার্শ, সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। মার্শ ২ ম্যাচে ১৪৭ রান করেছেন। স্টার্ক দুই ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। কাল স্পিন সহায়ক উইকেটে কে নায়ক হয়ে উঠে দলকে জেতান সেদিকে নজর থাকবে।
|
অনুশীলনে ধোনি
আজ ভারতের অনুশীলনের সময় চিপকে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। নিশ্চিতভাবেই তাঁর থেকে চেন্নাইয়ের মাঠে সাফল্যের মন্ত্র শিখবেন রোহিত শর্মা। কয়েকদিন ধরে চিপকে চেন্নাই সুপার কিংসের হয়ে অনুশীলন করছেন ধোনি। সোমবার বৃষ্টিতে ব্যাহত হয় সিএসকের অনুশীলন। তবে আজ আর সেই সমস্যা হয়নি। কাল ম্যাচের সময় তাপমাত্রাও ভালোই থাকবে। ফলে ধোনির পরামর্শকে ভারত কম্বিনেশন চূড়ান্ত করার ক্ষেত্রে গুরুত্ব দিতে পারে।

জাড্ডুকে নিয়ে উন্মাদনা
চেন্নাইয়ে আগ্রহ লক্ষ্য করা গিয়েছে রবীন্দ্র জাদেজাকে নিয়েও। চেনা পরিবেশে জাড্ডু রোহিতের বড় অস্ত্র হয়ে উঠতেই পারেন ব্যাট ও বল হাতে। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত ১৩টি একদিনের আন্তর্জাতিক খেলেছে। জিতেছে ৭টিতে, হার ৫টিতে। শেষ পাঁচটি ম্যাচের তিনটিতে জয়, দুটিতে হার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচে একটিতে জিতেছে, একটিতে হেরেছে। ২০১৭ সালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এখানে অজি বধ সেরেছিল ভারত।
Son of this soil walks in tomorrow! 🦁 @imjadeja#Whistle4Blue 🇮🇳 pic.twitter.com/eZjvmbO7WR
— Chennai Super Kings (@ChennaiIPL) March 21, 2023












Click it and Unblock the Notifications