IND vs NZ: কাটা ঘায়ে নুনের ছিটে, ০ অঙ্কের ভারতীয় ব্যাটসম্যানদের তীব্র কটাক্ষ রবি শাস্ত্রীর
বেঙ্গালুরুতে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে লজ্জার মুখে পড়তে হয়েছে ভারতকে। দেশের মাটিতে সবচেয়ে কম রানে অল আউট হয়েছে ভারত। ভারতের এই হতাশাজনক ব্যাটিংয়ের পরই নেট মাধ্যমে শুরু হয়েছে মিমের বন্যা । কঠিন পরিস্থিতিতে ভারতকে খোঁচা দিতে ছাড়লেন না প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও।
বৃহস্পতিবার প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে একের পর এক ভারতীয় ব্যাটার ০ রানে সাজঘরে ফিরে যান। বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন এই পাঁচজন ব্যাটার রানের খাতা খোলার আগেউ আউট হন। ৪৬ রানের বেশি তুলতে পারেনি ভারত। এটি দেশের মাটিতে ভারতের সর্বনিম্ন স্কোর। ঋষভ পন্থ ও যশস্বী জয়সওয়াল ছাড়া কেউ দুই অঙ্কের রান পাননি।

ভারতীয় দলের এই ব্যাটিংয়ের হাল দেখে কটাক্ষ করার সুযোগ ছাড়লেন না রবি শাস্ত্রী। ০ অঙ্কে একের পর এক ভারতীয় ব্যাটারের আউট হওয়া প্রসঙ্গে শাস্ত্রী ডাক পার্টি বলে উল্লেখ করেন। ধারাভাষ্য দেওয়ার ফাঁকেই শাস্ত্রী বলেন, ভারতীয় দলের স্কোর বোর্ড দেখলে মনে হবে যেন ডাক পার্টি চলছে। পাঁচটা ডাক! 'এটা ভারতে শোনা যায় না, সর্বনিম্ন স্কোর, টিম ৪৬ রানে অল আউট হয়েছে ভারত। ভাবা যায়। শাস্ত্রীর এই মন্তব্য যেন কাটা ঘায়ে নুনের ছিটে ভারতীয় দলের জন্য।
এখানেই শেষ নয়, ভারতীয় দল যখন ফিল্ডিং করছিলেন তখনও ডাক প্রসঙ্গ তোলেন শাস্ত্রী। কোহলি, সরফরাজ, রাহুলদের স্লিপে দাঁড়িয়ে থাকতে দেখে ফের রবি শাস্ত্রী 'ডাক' এর প্রসঙ্গ নিয়ে আসেন। তিনি বলেন, তিনজনই স্লিপে দাঁড়িয়ে আছেন, ওরা প্রত্যেকে শূন্যে আউট হয়েছে।'
উল্লেখ্য টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর ২০২০ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১.২ ওভারে ৩৬। যা হয়েছিল শাস্ত্রীর কোচিংয়ের সময়ই। কিন্তু দেশের মাটিতে এমন লজ্জার মুখে কখনও পড়তে হয়নি ভারতকে। যদিও দিনের শেষে রোহিত শর্মা মেনে নিয়েছেন তাঁরা উইকেটের চরিত্র বুঝতে পারেনি বলেই এই সমস্যা হয়েছে।
বেঙ্গালুরুতে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়। বুধবার ম্যাচের প্রথম দিন খেলা তো দূর টস পর্যন্ত করা সম্ভব হয়নি, পিচ কভারে ঢাকা ছিল। এই পরিস্থিতিতে ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হল ভারতকে। ভারতকে অল্প রানে আউট করে প্রথম ইনিংসে লিড বাড়াচ্ছে নিউজিল্যান্ড। ফলে চাপ বাড়ছে ভারতের উপর।












Click it and Unblock the Notifications