IND vs NZ: রোহিতকে আউট করে রাবাডার কীর্তি ছুঁলেন সাউদি, ভারত অধিনায়ক খালি হাতে ফিরে বাড়ালেন চিন্তা
IND vs NZ: রোহিত শর্মা পুণে টেস্টের প্রথম ইনিংসে টিকলেন ৯ বল। টিম সাউদির দুরন্ত ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরের রাস্তা ধরলেন শূন্য রানে।
বেঙ্গালুরু টেস্টেও রোহিতকে প্রথম ইনিংসে বোল্ড করেছিলেন সাউদি। ১৬ বলে ২ করেছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসে ৬৩ বলে ৫২ করে বোল্ড হন এজাজ প্য়াটেলের বলে।

ফলে টেস্টে টানা তিনবার বোল্ড হলেন রোহিত। শেষ পাঁচটি ইনিংসে রোহিত বোল্ড হলেন চারটিতেই। গত মার্চে রোহিত ধরমশালা টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬২ বলে ১০৩ করেছিলেন। তারপর থেকে টেস্ট ইনিংসে তাঁর রান যথাক্রমে ৬, ৫, ২৩, ৮, ২, ৫২ ও ০।
গত বছর ডিসেম্বরে রোহিত সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন। তারপর এই প্রথম টেস্টে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরলেন হিটম্যান। ২০১৪ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ বলে ০ করে বোল্ড হয়েছিলেন। তারপর এই প্রথম কিউয়িদের বিরুদ্ধে টেস্টে রোহিতের সঙ্গী ডাক।
৬৩টি টেস্টের ১০৮টি ইনিংসে এই নিয়ে ৬ বার রোহিত শূন্য রানে আউট হলেন। তবে যেভাবে কিউয়ি পেসারদের বিরুদ্ধে পুণে টেস্টে রোহিতকে অসহায় লাগছিল তাতে সোশ্যাল মিডিয়ায় অনেকেই শঙ্কা প্রকাশ করে লিখছেন, এখানেই এই অবস্থা হলে রোহিত অস্ট্রেলিয়ায় গিয়ে কী পরিস্থিতিতে পড়বেন?
অস্ট্রেলিয়ায় এখনও পর্যন্ত রোহিত ১২টি টেস্টে ২২ ইনিংসে ৭০৮ রান করেছেন। ১টি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ বার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনবার ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিন নিয়ে ২ বার রোহিত শূন্য রানে আউট হয়েছেন। বাকিদের বিরুদ্ধে খালি হাতে ফেরেননি কখনও।
রোহিত শর্মাকে এদিন নিয়ে মোট ১৪ বার আন্তর্জাতিক ক্রিকেটে আউট করলেন টিম সাউদি। এর আগে, কাগিসো রাবাডা রোহিতকে ১৪ বারই আন্তর্জাতিক ক্রিকেটে আউট করেছেন। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্য়াথিউজ ১০ বার, অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁ ৯ বার ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট রোহিতকে আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বার সাজঘরে ফিরিয়েছেন।












Click it and Unblock the Notifications