IND vs ENG: রোহিত-বাটলারদের হাতে সবুজ ব্যান্ড, জয় শাহের ডাকে মানবিক প্রচারে অংশ নিল ভারত-ইংল্যান্ড দুই দল
ক্রিকেট শুধু একটা খেলা নয়, মানবতার মহা প্রচারের এক বিরাট মঞ্চও। খেলা মানুষকে শুধু একত্রিতই করে না, অনুপ্রাণিতও করে। বৃক্ষ রোপন থেকে ক্যান্সার সচেতনতা এর আগে ক্রিকেট মাঠে একাধিক সচেতনতার পাঠ প্রচারিত হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল অঙ্গ দানের সচেতনতাও।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় অঙ্গ দানের বিষয়ে একটি সচেতনতামূলক উদ্যোগের কথা ঘোষণা করেছেন। 'অঙ্গ দান করুন, জীবন বাঁচান' এই শিরোনামে সচেতনতামূলক প্রচার শুরু হল বুধবার ভারত-ইংল্যান্ডের মধ্যে তৃতীয় একদিনের ম্যাচে।

অঙ্গ দানের সচেতনতার বার্তা দিতে ভারত এবং ইংল্যান্ড দলের উভয় ক্রিকেটারদের হাতে দেখা গেল সবুজ ব্যান্ড। শোক জ্ঞাপন করার সময় ক্রিকেটারদের হাতে কালো ব্যান্ড দেখতে পাওয়ায় যায়। ক্যান্সার নিয়ে সতেচনতা হলে গোলাপি রঙ ব্যবহার করা হয়। তবে বুধবার নরেন্দ্র মোদী স্টেডিয়ানে যখন টস করতে নামলেন রোহিত-বাটলার তখন তাদের হাতে দেখা গেল সবুজ ব্যান্ড। অঙ্গ দানের প্রতীক হিসাবেই এই সবুজ রঙের ব্যান্ড ব্যবহার করা হয়।
ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা অঙ্গ দানের সচেতনতা মূলক কর্মসূচিতে অংশ নিলেন। রোহিত এবং বাটলারকে দেখা গেল এই সতেচনতামূলক স্লোগানের বোর্ডে সই করতে। সাদা বোর্ডে নীল রঙে লেখা ছিল 'অঙ্গ দান করুন, জীবন বাঁচান'।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই উদ্যোগ নিয়েছিলেন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় একদিনের ম্যাচ থেকে অঙ্গ দান করুন, জীবন বাঁচান,' এই সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করার প্রয়াস নেওয়া হয়েছে। খেলাধুলার শক্তি রয়েছে সকলকে অনুপ্রাণিত করার, সবাইকে একত্রিত করার এবং মাঠের বাইরে স্থায়ী প্রভাব তৈরি করার।
The two teams are wearing green arm bands to support BCCI’s initiative "Donate Organs, Save Lives”.
— BCCI (@BCCI) February 12, 2025
The initiative is spearheaded by ICC Chairman Mr Jay Shah.
Pledge, spread the word, and let's be a part of something truly meaningful.#DonateOrgansSaveLives | @JayShah pic.twitter.com/QQ532W26wd
কেন এই উদ্যোগ, সেই প্রসঙ্গে আইসিসি চেয়ারম্যান ঘোষণা করেছিলেন, আমরা সকলকে জীবনের একটি শ্রেষ্ঠ উপহার দেওয়ার জন্য আবেদন জানাবো।একটি অঙ্গীকার এবং একটি সিদ্ধান্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে। আসুন আমরা সকলে অঙ্গদানের অঙ্গীকার নিই।
বিদেশের মতোই অঙ্গ দানের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এই দেশেও। অনেক সময়ই একজনের অঙ্গ অন্য জনের শরীরে প্রতিস্থাপন করে জীবন বাঁচানো যায়। কলকাতা শহর এর আগে এমন অনেক নজিরের সাক্ষী থেকেছে। এবার ক্রিকেট মাঠেও দেখা গেল এই ধরনের সচেতনতার প্রচার। জয় শাহ এবং বিসিসিআইয়ের এই উদ্যোগকে সাধুবাদ ক্রিকেট মহলের।












Click it and Unblock the Notifications