IND vs ENG: ধরমশালা টেস্টে ইনিংস জয়ের লক্ষ্যে ভারত, টেল এন্ডারদের বিরুদ্ধেও নাস্তানাবুদ ইংল্যান্ডের বোলাররা
IND vs ENG: ধরমশালা টেস্টেও ইনিংস জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। খুব বেশি হলে চতুর্থ দিনেই ম্যাচে ফয়সালা হয়ে যাওয়ার সম্ভাবনা। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২১৮ রানের জবাবে ইতিমধ্যেই রানের পাহাড়ে ভারত।
রোহিত শর্মা ও শুভমান গিল শতরান করেছেন। অর্ধশতরান এসেছে সরফরাজ খানের ব্যাট থেকেও। কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরাহর জুটি নিয়েও নাস্তানাবুদ ইংল্যান্ডের বোলাররা। ভারতের লিড ইতিমধ্যেই আড়াইশো ছাড়িয়ে গিয়েছে।

টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ১২০ ওভারে ৮ উইকেটে ৪৭৩ রান। লিড ২৫৫ রানের। অবিচ্ছেদ্য নবম উইকেট জুটিতে ৪৫ রান যোগ করেছেন কুলদীপ ও বুমরাহ। দুজনেই দুটি করে চার মেরেছেন। কুলদীপ ৫৫ বলে ২৭ ও বুমরাহ ৫৫ বলে ১৯ রানে ব্যাট করছেন।
প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৩০ ওভারে ১ উইকেটে ১৩৫। আজ মধ্যাহ্নভোজের বিরতিতে স্কোর ছিল ৬০ ওভারে ১ উইকেটে ২৬৪। চা বিরতির আগে নতুন বল নেয় ইংল্যান্ড। আজকের দ্বিতীয় সেশনের পর ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ৮৪ ওভারে ৩ উইকেটে ৩৭৬ রানে।
১৩টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৬২ বলে ১০৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। শুভমান গিল ১২টি চারের পাশাপাশি ৫টি ছয়ের দৌলতে করেন ১৫০ বলে ১১০ রান। অভিষেক টেস্টে দেবদত্ত পাড়িক্কল চারে নেমে ১০৩ বলে ৬৫ রান করেছেন। তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার ও একটি ছয়।
৮টি চার ও একটি ছয়ের সাহায্যে সরফরাজ খান ৬০ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। পাড়িক্কল ও সরফরাজ চতুর্থ উইকেট জুটিতে ৯৭ রান যোগ করেন। রবীন্দ্র জাদেজা ও ধ্রুব জুরেল- দুজনেই ব্যক্তিগত ১৫ রানে প্যাভিলিয়নে ফেরেন। শততম টেস্টে রবিচন্দ্রন অশ্বিন ৫ বল খেলে কোনও রান না করেই আউট হন।
ইংল্যান্ডের সফলতম বোলার শোয়েব বশির। তিনিই সবচেয়ে বেশি বোলিং করলেন। ৪৪ ওভার হাত ঘুরিয়ে পাঁচটি মেডেন-সহ ১৭০ রানের বিনিময়ে পেয়েছেন চারটি উইকেট। ৩টি মেডেন-সহ ৩৯ ওভারে ১২৬ রান খরচ করে দুটি উইকেট পেলেন টম হার্টলি। জেমস অ্যান্ডারসন এক উইকেট পেলেন। দীর্ঘ বিরতির পর বল হাতে তুলে নিয়ে রোহিত শর্মার উইকেট তুলে নেন বেন স্টোকস।
গত বছরের জুনের পর এদিনই প্রথম বল করলেন স্টোকস। ৫ ওভারে দেন ১৭ রান, প্রথম বলেই ফেরান রোহিতকে। মার্ক উড ও জো রুট কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications