IND vs ENG: জো রুটকে বারে বোল্ড করেছিলেন ক্যারি! বিয়ের আগেই কোলে সন্তান, জানুন প্রেমপর্বের কথা
IND vs ENG: রাঁচি টেস্টে ইংল্যান্ডকে লড়াইয়ে ফিরিয়েছে জো রুটের শতরান। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দিনের শেষে অপরাজিত রয়েছে। ৩১তম টেস্ট শতরান করে রুট গড়েছেন একাধিক নজির।
ভারতীয় বোলাররা আজ রুটকে বোল্ড করতে না পারলেও ব্যক্তিগত জীবনে রুট প্রথম দর্শনেই বোল্ড হয়েছিলেন ক্যারি কটরেলের। এখন তাঁরা সুখী দম্পতি।

জো রুটের স্ত্রী ক্যারি কটরেল লিডসের হেডিংলিতে একটি বারে কর্মরতা ছিলেন। সেখানেই রুটের সঙ্গে আলাপ। কেরিয়ারের প্রথম দিকে রুট খেলতেন ইয়র্কশায়ার কাউন্টিতে। এই কাউন্টির হোম বলা হয় লিডসকেই। দ্য আর্ক নামে ওই বারে গিয়েছিলেন রুট। সেখানেই ক্যারি ক্লিন বোল্ড করেন।
২০১৬ সালের মার্চে রুট ও ক্যারির এনগেজমেন্ট হয়। তাঁদের বিয়ে হয় ২০১৮ সালে ডিসেম্বরের ১ তারিখ। জানা যায়, রুট রীতিমতো হাঁটু মুড়ে বসে প্রস্তাব দিয়েছিলেন ক্যারিকে। ফলে বোঝাই যাচ্ছে ক্রিকেট মাঠে দাপুটে ব্যাটার রুট ব্যক্তিগত জীবনে বেশ রোম্যান্টিক।
বিয়ের আগেই রুট-ক্যারির প্রথম সন্তানের জন্ম হয়। পুত্রসন্তানের পরে জন্ম কন্যাসন্তানের। জো রুটের হোমটাউন শেফিল্ড। সেখানেই হয়েছিল বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে রীতিমতো খ্রীষ্টধর্মের রীতি-আচার মেনে। রুটের সঙ্গে আলাপের পর ক্রিকেটের প্রতি আগ্রহ বেড়েছে ক্যারির। স্বামীর খেলা দেখতে দেশ-বিদেশে হাজির থাকেন।
জো রুটের কেরিয়ারে ভারতের গুরুত্বও অপরিসীম। কেন না, আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই রুট প্রথম ম্যাচ খেলেন ভারতের বিরুদ্ধে। ২০১২ সালের ডিসেম্বরে নাগপুরে সিরিজের চতুর্থ টেস্টে টেস্ট অভিষেক। এরপর ওই সফরেই ডিসেম্বরে টি২০ আন্তর্জাতিক অভিষেক মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
২০১৩-র জানুয়ারিতে রাজকোটে হয় ওডিআই অভিষেক। টেস্টে ভারতের বিরুদ্ধে দশম শতরান হাঁকিয়ে তিনি পিছনে ফেলে দিলেন স্টিভ স্মিথকে, বিদেশি হিসেবে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট শতরান করার নিরিখে।












Click it and Unblock the Notifications