IND vs ENG: ভারতে ঘোর বিপাকে ইংল্যান্ড, কটকে কোচেরা বিকল্প ফিল্ডার! বেথেল সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন
IND vs ENG: ভারতের বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজে ইংল্যান্ড দল যেন মিনি হাসপাতাল। জ্যাকব বেথেল আজ দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে খেলতে পারছেন না।
বেথেলের যা চোট, তাতে বুধবার শেষ ওডিআইয়েও তাঁকে পাবে না ইংল্যান্ড। এমনকী বেথেল অনিশ্চিত হয়ে পড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কভার হিসেবে ডাক পেলেন টম ব্যান্টন।

বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে বেথেলের। গুরুতর বলেই কভার হিসেবে ব্যান্টনকে উড়িয়ে আনা হচ্ছে। তিনি কাল এসে পৌঁছবেন। উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথেরও চোট রয়েছে। তাঁর কাফ মাসলে সমস্যা।
অবস্থা এতটাই শোচনীয় যে, আজ ইংল্যান্ড দল সাব ফিল্ডার হিসেবে নাম রেখেছে সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক ও পল কলিংউডের। লাহোরে অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ইংল্যান্ড। বেথেলের চোট কতটা গুরুতর তা স্পষ্ট না হলেও তাঁর পক্ষে ফিট হয়ে ওঠা মুশকিল বলেই মনে করা হচ্ছে।
বেথেল নাগপুর ওডিআইয়ে ৫১ রান করার পাশাপাশি একটি উইকেটও নিয়েছিলেন। তবে ফের চোটের কবলে পড়লেন। জেমি স্মিথ সুস্থ হয়ে ওঠার দিকেই এগোচ্ছেন। আজ ওয়ার্ম আপ করতেও দেখা গিয়েছে তাঁকে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দলে রদবদল করে চূড়ান্ত দল ঘোষণার ডেডলাইন শেষ হচ্ছে ১২ ফেব্রুয়ারি।
টম ব্যান্টন বেথেলের কভার হিসেবে আসছেন। তিনি ঢুকে পড়তে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। ২০২০ সালে ব্যান্টন শেষ ওডিআই খেলেছেন। ইংল্যান্ডের হয়ে শেষ টি২০ আন্তর্জাতিক খেলেছেন ২০২২ সালে। ফের আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগের অপেক্ষায় ব্যান্টন।
ব্যান্টন অবশ্য এবারের আইএলটি২০-তে দুরন্ত ফর্মে ছিলেন। এমআই এমিরেটসের হয়ে ১১ ম্যাচে ৪৯৩ রান করেছেন। ২টি শতরান করেছেন। এলিমিনেটরে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্সের এই দলটি। এখনও অবধি সর্বাধিক রান সংগ্রহকারী ব্যান্টনই।
এদিকে, কটকে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের স্কোর ৪১ ওভারে ৪ উইকেটে ২৩৮ রান। বেন ডাকেট ৬৫, অধিনায়ক জস বাটলার ৩৪, হ্যারি ব্রুক ৩১ ও ফিল সল্ট ২৬ রান করেছেন। ৬৮ বলে ৬৩ রানে অপরাজিত জো রুট। সঙ্গে ক্রিজে লিয়াম লিভিংস্টোন (৭ বলে অপরাজিত ৭)।
একটি করে উইকেট পেয়েছেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজা ও হার্দিক পাণ্ডিয়া। মহম্মদ শামি ৬ ওভারে ৪৪ রান দিলেও কোনও উইকেট পাননি। আজ ইংল্যান্ডের কাছে ডু-অর-ডাই দ্বৈরথ। নাগপুরে ভারত জেতায় তিন ম্যাচের সিরিজে এগিয়ে ১-০-তে। আজ জিতলেই রোহিত শর্মারা সিরিজ জিতে নেবেন।












Click it and Unblock the Notifications