IND vs ENG: ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে জোর ধাক্কা খেল ইংল্যান্ড, অভিজ্ঞ স্পিনার নেই গোটা সিরিজেই

IND vs ENG: ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে সেই টেস্টের আগে সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন বেন স্টোকসরা।

কাল ভারতে এসে মঙ্গলবার থেকে অনুশীলন শুরুর পরিকল্পনা রয়েছে ইংল্যান্ডের। পাঁচ টেস্টের সিরিজ আপাতত ১-১। তবে তৃতীয় টেস্টের আগে ঘোর দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে। গোটা টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন অভিজ্ঞ স্পিনার।

IND vs ENG: ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে জোর ধাক্কা খেল ইংল্যান্ড

ইংল্যান্ড যে টেস্ট দল ভারত সফরের জন্য বেছে নিয়েছে তাতে সবচেয়ে অভিজ্ঞ স্পিনার জ্যাক লিচ। তাঁকে অবশ্য দ্বিতীয় টেস্টে পাওয়া যায়নি। প্রথম টেস্টে টম হার্টলির অভিষেক হয়। দ্বিতীয় টেস্টে লিচের জায়গায় টেস্ট অভিষেক হয় শোয়েব বশিরের। এ ছাড়া রয়েছেন রেহান আহমেদ। কিন্তু লিচ এবার ছিটকে গেলেন টেস্ট সিরিজ থেকেই।

দুটি টেস্টেই এক পেসার ও তিন স্পিনার নেমে খেলেছে ইংল্যান্ড। জো রুটও স্পিন বোলিং করেছেন। লিচ হায়দরাবাদে প্রথম টেস্টের প্রথম দিনেই ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের হাঁটুতে চোট পান। সে কারণে ওই টেস্টেও পুরো ছন্দে তিনি বোলিং করতে পারেননি। রুটের হাতে বল তুলে দিয়ে পরিস্থিতি সামাল দেন অধিনায়ক বেন স্টোকস।

বাউন্ডারি আটকাতে গিয়ে হাঁটুতে চোট লেগেছিল লিচের। হাঁটু ফুলে থাকায় ৩২ বছরের স্পিনার স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। চার ওভারের স্পেলের বেশি একটানা বল করতেও সমস্যা হচ্ছিল। প্রথম ইনিংসে ২৬ ও দ্বিতীয় ইনিংসে ১০ ওভার বল করেন। শ্রেয়স আইয়ারের উইকেট পেয়েছিলেন।

হায়দরাবাদ টেস্ট ইংল্যান্ড জেতে। বিশাখাপত্তনমে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। তৃতীয় টেস্টের আগে ১০ দিনের বিরতি। তাতেও লিচের তৃতীয় টেস্টে খেলা নিয়ে সংশয় ছিলই। আবু ধাবিতে ফের চোটের পরীক্ষা করা হয় লিচের। এরপরই লিচ দেশে ফিরে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন। ফলে তিনি বাকি তিনটি টেস্টে খেলতে পারছেন না।

ইংল্যান্ড ও সমারসেটের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে লিচের রিহ্যাব চলবে বলে জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে লিচের পরিবর্ত হিসেবে এখনই কাউকে পাঠানো হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে ইংল্যান্ড এক পেসার, তিন স্পিনার রণকৌশল বদলাতে পারে। জেমস অ্যান্ডারসনের সঙ্গী হয়ে দলে ফিরতে পারেন পেসার মার্ক উড বা অলি রবিনসন। ইংল্যান্ডের হাতে পড়ে রইল বিশেষজ্ঞ তিন স্পিনার। জো রুট পালন করবেন বোলিং অলরাউন্ডারের ভূমিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+