IND vs ENG: সূর্যরা পৌঁছে গেলেন চেন্নাইয়ে, চিপকে টি২০ আন্তর্জাতিকে ভারতের ট্র্যাক রেকর্ড কেমন?
IND vs ENG: চেন্নাইয়ের চিপকে ছয় বছর পর বসতে চলেছে টি২০ আন্তর্জাতিকের আসর। শনিবার পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।
কলকাতায় ইংল্যান্ড বিধ্বস্ত হয়েছে। চিপকের স্পিন সহায়ক পিচে ফের কঠিন পরীক্ষা জস বাটলারদের। সিরিজে এগিয়ে থাকা ভারত এদিন একই বিমানে ইংল্যান্ড দলের সঙ্গে চেন্নাই পৌঁছল।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ নিয়মিত হলেও টি২০ আন্তর্জাতিক আজ অবধি হয়েছে মাত্র ২টি। প্রথমবার হয় ২০১২ সালের ১১ সেপ্টেম্বর। সেবার ভারতকে ১ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড।
২০১৮ সালের ১১ নভেম্বর শেষবার এই স্টেডিয়ামে টি২০ আন্তর্জাতিক হয়েছে। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছিল ভারত। ইংল্যান্ড এখানে কোনও টি২০ আন্তর্জাতিক খেলেনি, এবারই প্রথমবার খেলবে।
ইংল্যান্ডের সাদা বলের হেড কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাকালামের ইনিংস শুরু হলো ইডেনে পরাজয় দিয়েই। দ্বিতীয় ম্যাচে নামার আগে ম্যাকালামের মাথাতেও থাকবে ২০১২ সালের সেই রুদ্ধশ্বাস জয়, যাতে ম্যাচের সেরা হয়েছিলেন ম্যাকালাম।
মহেন্দ্র সিং ধোনির ভারত সেই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিল। নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৬৭ রান তোলে। তিনে নেমে, দলের ব্যাটিং বিপর্যয় সামলে ১১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫৫ বলে ৯১ করেছিলেন ম্যাকালাম। ইরফান পাঠান নেন তিন উইকেট।
জবাবে খেলতে নেমে ভারত থেমেছিল ৪ উইকেটে ১৬৬ রানে। বিরাট কোহলি ওপেন করতে নেমে ৪১ বলে ৭০ করেছিলেন। গৌতম গম্ভীর সেই ম্যাচে ৬ বলে ৩ রান করেছিলেন। যুবরাজ সিংয়ের ৩৪, সুরেশ রায়নার ২৭ ও ধোনির অপরাজিত ২২ সত্ত্বেও ১ রানে হেরেছিল ভারত। ২টি করে উইকেট নেন কাইল মিলস ও জেমস ফ্র্যাঙ্কলিন।
চিপকে ভারত প্রথম টি২০ আন্তর্জাতিক জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। সেই ম্যাচে ভারত অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচ জিতে ক্যারিবিয়ান বাহিনীকে হোয়াইটওয়াশ করেছিল ভারত।
ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাটিং নিয়েছিল। ৩ উইকেটে ১৮১ রান তোলে। নিকোলাস পুরাণ ২৫ বলে সর্বাধিক ৫৩ রানে অপরাজিত ছিলেন। ড্যারেন ব্র্যাভো অপরাজিত ছিলেন ৩৭ বলে ৪৩ রানে। যুজবেন্দ্র চাহাল ২টি ও ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ভারত শেষ বলে ৬ উইকেটে জয় নিশ্চিত করেছিল। ভারত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছয়। ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে শিখর ধাওয়ান ৬২ বলে ৯২ করে ম্যাচের সেরা হন। ৩৮ বলে ৫৮ রানের ইনিংস খেলেন ঋষভ পন্থ। কিমো পল ২টি এবং ওশেন থমাস ও ফ্যাবিয়ান অ্যালেন ১টি করে উইকেট দখল করেছিলেন।












Click it and Unblock the Notifications