IND vs ENG: ইডেনে খেলানো হচ্ছে না শামিকে, ভারত টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠাল
IND vs ENG: ইডেন থেকে শুরু হলো ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ। ভারত ২০১৯ সালের পর দেশের মাটিতে হওয়া সব টি২০ আন্তর্জাতিকে অপরাজেয়।
দেশের মাটিতে টি২০ আন্তর্জাতিক সিরিজে বড় পরীক্ষা হেড কোচ গৌতম গম্ভীরের। ইংল্যান্ডের সাদা বলের হেড কোচ হিসেবে এটিই প্রথম সিরিজ ব্রেন্ডন ম্যাকালামের।

টস জিতে ফিল্ডিং নিলেন সূর্যকুমার যাদব। শিশিরের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিলেন বলে জানান ভারত অধিনায়ক। মহম্মদ শামির আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষা বাড়ল। ভারতীয় একাদশে ঠাঁই হলো না শামি, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর ও হর্ষিত রানার।
ভারতের হেড কোচ হিসেবে এই প্রথম ইডেনে হাজির গম্ভীর। গত বছর তিনি মেন্টর থাকাকালীন কলকাতা নাইট রাইডার্স আইপিএল খেতাব জিতেছিল। কেকেআর অধিনায়ক হিসেবেও গম্ভীর দু-বার আইপিএল জিতেছেন। ফলে ইডেন তাঁর কাছে বরাবরই স্পেশ্যাল। আবার ম্যাকালামও কেকেআরে খেলেছেন গম্ভীরের নেতৃত্বে।
অস্ট্রেলিয়া সফরে বিপর্যয়ের পর ভারতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন সীতাংশু কোটাক। স্কাইবল বনাম বাজবল দ্বৈরথের অপেক্ষা ইডেন। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার- দুজনেই ইডেনের উইকেট নিয়ে খুশি। ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখেও হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা। দুই দলেই রয়েছেন বিধ্বংসী ব্যাটাররা।
পিচের একদিকের বাউন্ডারি ৫৯ মিটারের, অপর দিকে ৬৬ মিটারের। সোজাসুজি বাউন্ডারি ৭৫ মিটারের। পিচে কিছুটা ঘাস রয়েছে। উইকেট কিছুটা শুষ্ক, তবে ডিউ ফ্যাক্টরের কারণে পিচের রং কিছুটা বদলাবে। হাই স্কোরিং ম্যাচ হতে পারে বলে মনে করছেন নিক নাইট, দীপ দাশগুপ্ত। এই পিচ থেকে স্পিনারদের তুলনায় পেসাররা বেশি ফায়দা আদায় করতে পারেন।
দুই দলের দ্বৈরথ উপভোগ্য হবে বলে উপলব্ধি সূর্যর। নিজেদের শক্তি বিবেচনা করেই দল সাজানো হয়েছে বলে জানান তিনি। যদিও একাদশ বেছে নেওয়া যে কঠিন সেটাও মানছেন। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেন, এই মাঠে অনেকেরই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। দুই দলই অতিরিক্ত আগ্রাসী থাকবে বলে ধারণা তাঁর।
ভারত- সঞ্জু স্য়ামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ড- বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভার্টন, গাস অ্যাটকিনসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।












Click it and Unblock the Notifications