IND vs ENG: ভারত-ইংল্যান্ড টেস্টে মাঠ ভরানোর চ্য়ালেঞ্জ! সেনাবাহিনীতে কর্মরতদের জন্য বড় ঘোষণা
IND vs ENG: ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজের প্রথম টেস্ট হায়দরাবাদে শুরু জানুয়ারির ২৫ তারিখ। উপ্পল স্টেডিয়ামে এই প্রথম কোনও টেস্ট আয়োজন করবে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি।
টেস্ট ম্যাচে স্টেডিয়াম ভরানোই চ্যালেঞ্জ আয়োজক রাজ্য ক্রিকেট সংস্থাগুলির কাছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় এবার বিপুল সংখ্যক কমপ্লিমেন্টারি টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিল এইচসিএ।

প্রথম টেস্টের টিকিট বিক্রি শুরু হবে জানুয়ারির ১৮ তারিখ থেকে। এইচসিএ সভাপতি অর্শনপল্লী জগনমোগহন রাও জানিয়েছেন, পেটিএম ইনসাইডার অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাবে। অনলাইনে টিকিট যেমন বিক্রি হবে, তেমনই কাউন্টার থেকেও পাওয়া যাবে টিকিট। ২২ জানুয়ারি থেকে জিমখানায় সেই বন্দোবস্ত থাকবে।
অনলাইনে যাঁরা টিকিট কাটবেন তাঁদের টিকিট হাতে পাওয়ার জন্য কাউন্টারে সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। দৈনিক ২০০, ৪৯৯, ১০০০ ও ১৫০০ টাকা দামের টিকিট বিক্রি করা হবে। হসপিটালিটি-সহ উত্তর দিকের কর্পোরেট বক্সের টিকিটের দাম ধার্য হয়েছে ৩ হাজার টাকা, দক্ষিণ দিকের দর রাখা হয়েছে ৪ হাজার টাকা।
মিলবে সিজনড টিকিটও। অর্থাৎ পাঁচ দিনের টিকিট একসঙ্গে কাটার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। সেই টিকিটের দর রাখা হয়েছে ৬০০, ১৪৯৭, ৩০০০ এবং ৩৭৫০ টাকা। কর্পোরেট বক্সের টিকিটের দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ১২ ও ১৬ হাজার টাকা।
এইচসিএ সভাপতি জানিয়েছেন, টেস্টের দ্বিতীয় দিন প্রজাতন্ত্র দিবস। সেদিন তেলেঙ্গানায় কর্মরত সেনাবাহিনীর জওয়ানরা যদি পরিবার নিয়ে খেলা দেখতে আসতে চান, তাহলে তাঁরা বিনামূল্যে প্রবেশাধিকার পাবেন। এ জন্য তাঁদের বিভাগীয় অধিকর্তার স্বাক্ষরিত চিঠি পাঠাতে হবে।
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইওর কাছে খেলা দেখতে আগ্রহী পরিবারের সদস্য সংখ্যার বিস্তারিত তথ্যও চিঠির সঙ্গে ই-মেল মারফত পাঠাতে হবে জানুয়ারির ১৮ তারিখের মধ্যে। টেস্টের পাঁচ দিন দৈনিক ৫ হাজারের হিসেবে মোট ২৫ হাজার কমপ্লিমেন্টারি টিকিট ছাড়া হবে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য। স্কুল পড়ুয়াদের জন্য পানীয় জল ও মধ্যাহ্নভোজনের বন্দোবস্ত করবে এইচসিএ। স্কুলগুলিকেও এইচসিএ-র কাছে ১৮ জানুয়ারির মধ্যে চিঠি পাঠাতে বলা হয়েছে। সেই মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
ভারত বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ ম্যাচটি খেলবে। ইংল্যান্ড দল আবু ধাবিতে টেস্ট সিরিজের প্রস্তুতি নিয়ে দিন তিনেক আগে নিজামের শহরে পৌঁছবে বলে জানা যাচ্ছে। ভারতীয় দলের ক্রিকেটার শ্রেয়স আইয়ার জানিয়েছেন, তিনি প্রত্যাশা করছেন ইংল্যান্ড সিরিজে স্পিন সহায়ক উইকেটই থাকবে। তিনি আক্রমণাত্মক ব্যাটিংই করবেন। ভারতের মাটিতে বাজবলের অগ্নিপরীক্ষা হবে বলে মনে করছেন ইংল্যান্ডের ক্রিকেট বিশেষজ্ঞরাও।












Click it and Unblock the Notifications