IND vs ENG: অভিষেকে দুরন্ত হর্ষিত, দাপট জাদেজারও! ইংল্যান্ড শেষ ২৪৮ রানেই, যশস্বীর দর্শনীয় ক্যাচ
IND vs ENG: নাগপুরে প্রথম একদিনের আন্তর্জাতিকে পুরো ৫০ ওভারই ব্যাট করতে পারল না ইংল্যান্ড। জস বাটলারের দল ৪৭.৪ ওভারে শেষ ২৪৮ রানেই।
অভিষেকে তিন উইকেট নিলেন হর্ষিত রানা। স্পিনারদের মধ্যে সফলতম রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ড আগ্রাসীভাবে শুরু করলেও বোলিংয়ে নিয়ন্ত্রণ দেখিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল ভারত।

টস জিতে ব্যাটিং নিয়েছিল ইংল্যান্ড। শুরুটা হয়েছিল ঝোড়ো গতিতেই। ওপেনিং জুটি ভাঙে ৮.৫ ওভারে ৭৫ রানে। ফিল সল্ট ২৬ বলে ৪৩ রানে রান আউট হন। সেখান থেকে ১০ ওভারের শেষে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭৭।
দশম ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে বেন ডাকেট (২৯ বলে ৩২) ও হ্যারি ব্রুক (৩ বলে ০)-কে ফিরিয়ে জোড়া ধাক্কা দেন এই ম্যাচে ওডিআই অভিষেক হওয়া হর্ষিত রানা। বেন ডাকেটের ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেন এই ম্যাচে অভিষেক হওয়া যশস্বী জয়সওয়াল।
২০২৩ সালের বিশ্বকাপের পর প্রথমবার ওডিআই খেলতে নেমে জো রুট ৩১ বলে ১৯ রানের বেশি করতে পারেননি। ৪৭.৪ ওভারে ২৪৮ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড। অধিনায়ক জস বাটলার পাঁচে নেমে ৬৭ বলে ৫২ রানের ইনিংস খেললেন। জেকব বেথেল ব্যাট করতে নামেন ছয়ে। তিনি ৬৪ বলে ৫১ রান করলেন।
লিয়াম লিভিংস্টোন হর্ষিতের তৃতীয় শিকার, ১০ বলে ৫ রান করলেন।
ব্রাইডন কার্স ১৮ বলে ১০ রান করে মহম্মদ শামির বলে প্যাভিলিয়নে ফেরেন। আদিল রশিদ ৮, সাকিব মাহমুদ ২ রান করেন। জোফ্রা আর্চার ১৮ বলে ২১ রানে অপরাজিত থাকেন।
হর্ষিত রানা ১টি মেডেন-সহ ৭ ওভারে ৫৩ রান দিয়ে তিন উইকেট নেন। রবীন্দ্র জাদেজার ৯ ওভারে ১টি মেডেন, ২৬ রানের বিনিময়ে নেন তিন উইকেট। মহম্মদ শামি ২০২৩ সালের বিশ্বকাপের পর প্রথমবার ওডিআই খেলতে নেমে ৮ ওভার বল করেন, ১টি মেডেন, ৩৮ রান দিয়ে পেলেন ১ উইকেট।
অক্ষর প্যাটেল ৭ ওভারে ৩৮, কুলদীপ যাদব ৯.৪ ওভারে ৫৩ রান দিয়ে একটি করে উইকেট পেলেন। হার্দিক পাণ্ডিয়া ১টি মেডেন-সহ ৭ ওভারে ৩৭ রান খরচ করলেন, উইকেট পাননি।
টি২০-র মতো ওডিআই অভিষেকেও তিন উইকেট হর্ষিতের। নিজের পারফরম্যান্সে খুশি হর্ষিত বলেন, স্বপ্নের মতো লাগছে। কঠোর পরিশ্রমের পুরস্কার পাচ্ছি। নির্দিষ্ট লেংথে বল করা লক্ষ্য ছিল। শুরুর দিকে রান দিলেও পরিকল্পনা বদলাইনি।
হর্ষিত বলেন, ইংল্যান্ডের ব্যাটাররা জায়গা তৈরি করে বড় শট খেলতে চাইছিলেন। রোহিত স্টাম্পে বল করতে বলেন। উইকেট ডাবল-পেসড। কিছু বল থমকে আসছে। তবে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। বোলাররা ভালো বল করেছেন। এই রান আমরা তুলে ফেলতে পারব।












Click it and Unblock the Notifications