IND vs ENG: বিধ্বংসী বশির, ছন্দে হার্টলি, রাঁচি টেস্টে ভারতকে চেপে ধরল ইংল্যান্ড, তৃপ্ত রুট
IND vs ENG: রাঁচি টেস্টে ভারতের উপর চাপ বাড়ালেন ইংল্যান্ডের স্পিনাররা। ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ২১৯।
শোয়েব বশির ইতিমধ্যেই চার উইকেট ঝুলিতে পুরেছেন। অপর স্পিনার টম হার্টলি নিয়েছেন ২ উইকেট।

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ১০ ওভারে ১ উইকেটে ৩৪। চা বিরতিতে তা গিয়ে দাঁড়ায় ৩৮ ওভারে ৪ উইকেটে ১৩১ রানে। তৃতীয় সেশনেও ভারত তিনটি উইকেট হারিয়েছে। ৫৫.২ ওভারে ১৭৭ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতি সামাল দিচ্ছেন ধ্রুব জুরেল ও কুলদীপ যাদব।
২টি চার ও একটি ছয়ের সাহায্যে ধ্রুব ৫৮ বলে ৩০ রানে অপরাজিত রয়েছেন। কুলদীপ যাদব ৭২ বলে ১৭ রানে ক্রিজে রয়েছেন, মেরেছেন একটি চার। এরপর আকাশ দীপ ও মহম্মদ সিরাজের ব্যাটিং বাকি। ভারত ৭৩ ওভার খেলে ফেলেছে, ফলে তৃতীয় দিন সকালে নতুন বল নিতে ইংল্যান্ডকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না।
ইংল্যান্ডের চেয়ে ভারত এখনও ১৩৪ রানে পিছিয়ে। খেলা যতই এগোবে ততই এই উইকেটে ব্যাটিং কঠিন হবে। ইংল্যান্ড শিবির কাল দ্রুত ভারতীয় ইনিংসে যবনিকা টানতে মরিয়া। যশস্বী জয়সওয়াল ৭৩, রোহিত শর্মা ২, শুভমান গিল ৩৮, রজত পাটীদার ১৭, রবীন্দ্র জাদেজা ১২, সরফরাজ খান ১৪ ও রবিচন্দ্রন অশ্বিন ১ রানে আউট হন।
শোয়েব বশির চারটি মেডেন-সহ ৩২ ওভারে ৮৪ রানে চার উইকেট নিয়েছেন। তাঁর বোলিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জো রুট। ভারতেই টেস্ট অভিষেক হয় শোয়েবের। প্রথম শ্রেণির ক্রিকেট খেলারও বেশি অভিজ্ঞতা নেই ২০ বছরের এই স্পিনারের। ফলে অনেকের মনেই তাঁকে নিয়ে ছিল সংশয়।
কিন্তু শোয়েব বশির যেভাবে দক্ষতা দেখাচ্ছেন, বোলিং করছেন তা তাঁর আত্মবিশ্বাসও বাড়াল বলে উপলব্ধি রুটের। শোয়েবের শেখার আগ্রহও ভালোই। অন্যদিকে, ১৯ ওভার হাত ঘুরিয়ে পাঁচটি মেডেন ওভার টম হার্টলির, তিনি ৪৭ রানে ২ উইকেট নিয়েছেন। রোহিত শর্মার উইকেটটি তুলে নিয়েছেন জেমস অ্যান্ডারসন।
এর আগে, আজ ৩৫৩ রানে শেষ হয়েছিল ইংল্যান্ডের প্রথম ইনিংস। জো রুট ১২২ রানে অপরাজিত থাকেন। ২৭৪ বলের ইনিংসে রয়েছে ১০টি চার। অলি রবিনসন ৫৮ রান করেন। রবীন্দ্র জাদেজা চারটি, আকাশ দীপ তিনটি ও মহম্মদ সিরাজ দুটি উইকেট নেন।
দীর্ঘ সময় পর শতরান তৃপ্তি দিচ্ছে রুটকে। তিনি সুনীল গাভাসকরের প্রশ্নের উত্তরে মজা করে বললেন, রিভার্স স্কুপ মেরে শতরানের কথা মাথায় যে ঘুরছিল না তা নয়। তবে দলের জন্য অবদান রাখতে পেরে ভালো লাগছে। চলতি সিরিজে রান পাচ্ছিলাম না। আশা করি, এই ফর্ম ধরে রাখতে পারব। উইকেট যে ক্রমেই খারাপ হচ্ছে সেটাও জানান রুট।












Click it and Unblock the Notifications