IND vs BAN: ভারতের প্রথম একাদশে সরফরাজের সঙ্গে রাহুলের লড়াই, আর কোন কোন জায়গা নিয়ে চর্চা?
IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টের একাদশ কেমন হবে তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। ব্যাটিং বিভাগে তেমন বড়সড় রদবদলের আভাস নেই।
তবে মিডল অর্ডারে সরফরাজ খান, নাকি লোকেশ রাহুল- কে সুযোগ পাবেন তা নিয়েই চলছে হিসেবনিকেশ। বিসিসিআই সূত্রে খবর, এগিয়ে রয়েছেন রাহুলই।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আগ্রাসী, নির্ভীক ব্যাটিং অ্যাপ্রোচে নজর কেড়েছিলেন সরফরাজ খান। তবে লোকেশ রাহুলের পক্ষে যাচ্ছে তাঁর অভিজ্ঞতা। মূলত দেশের মাটিতে টেস্ট সিরিজেও ভারতের ফোকাসে থাকছে অস্ট্রেলিয়া সফর। সেখানে পাঁচটি টেস্ট রয়েছে।
অস্ট্রেলিয়া সফরের ফলাফলের উপর অনেকাংশে নির্ভর করবে ভারতের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার বিষয়টি। রাহুলের ৫০টি টেস্ট খেলার অভিজ্ঞতা তাঁকে সুবিধাজনক জায়গায় রাখছে বলেই খবর। তাছাড়া রাহুল ভারতীয় দলতে নেতৃত্বও দিয়েছেন।
বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, বাইরের থেকে মানুষ বুঝতে পারেন না একটা দল কোন পরিকল্পনা নিয়ে এগোয়, কী ধরনের সিস্টেম মানা হয়। নিজের শেষ তিনটি টেস্টের মধ্যে রাহুল দক্ষিণ আফ্রিকায় শতরান করেছেন, যা সাম্প্রতিককালের অন্যতম সেরা ইনিংস। চোট পাওয়ার আগে হায়দরাবাদে তিনি ৮৬ রানের ইনিংসও খেলেন।
রাহুল বাদ পড়েননি, চোটের কারণেই ছিটকে গিয়েছিলেন বলে দাবি বিসিসিআই সূত্রে। দলীপ ট্রফিতেও হাফ সেঞ্চুরি পেয়েছেন। ফলে ফিট রাহুল প্রথম টেস্টে খেলার জন্য প্রস্তুত। বিসিসিআই সূত্রে দাবি, সরফরাজ নিজের সেরাটাই দিয়েছেন। কেউ চোট পেলে তিনিই ফের বিবেচিত হবেন। তবে রাহুলের অভিজ্ঞতার কথা মাথায় রাখতে হবে। টিম ম্যানেজমেন্ট সেই অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ টেস্ট সিরিজ নয়, অস্ট্রেলিয়া সফরকেই গুরুত্ব দিচ্ছে।
রাহুল চোটের কারণে আগের দুটি অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি। তবে ২০১৪ সালে সিডনি টেস্টে তাঁর শতরান ছিল। আবার ধ্রুব জুরেল নন, ভারতের একাদশে থাকবেন ঋষভ পন্থ। জুরেল ভালো খেললেও পন্থের অভিজ্ঞতার কারণেই তাঁকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। তৃতীয় স্পিনার হিসেবে লড়াই হতে পারে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের মধ্যে।
দলীপ ট্রফিতে অক্ষর ৮৬ রানের ইনিংস খেলেছেন, তিন উইকেট পেয়েছেন। তাও আবার অনন্তপুরের গ্রিন টপে। কুলদীপ যাদবকে নিষ্প্রভ দেখিয়েছে। মুশির খান বা টেলএন্ডার নভদীপ সাইনির উপর প্রভাব বিস্তার করতে পারেননি। তবে বাংলাদেশ সফরে তাঁর পারফরম্যান্সের নিরিখে ব্যাটিং সহায়ক উইকেটে বৈচিত্র্যের নিরিখে এগিয়ে থাকবেন কুলদীপ।
অস্ট্রেলিয়ায় তিনটি চার দিনের টেস্ট খেলবে ভারতীয় এ দল। সেই সফরের দলে রাখা হতে পারে মুশির খানকে। মুশির রঞ্জি কোয়ার্টার ফাইনালে দ্বিশতরান করেছিলেন। ফাইনালে শতরান করেছিলেন। দলীপ ট্রফিতেও তিনি ১৮১ রানের ইনিংস খেলেছেন ভারতীয় বি দলের হয়ে ভারতীয় এ দলের বিরুদ্ধে। বাঁহাতি স্পিনার মানব সুতারকেও সেই দলে রাখা হতে পারে।












Click it and Unblock the Notifications