IND vs AUS T20I: টি ২০-তে রান তাড়া করে সবচেয়ে বড় জয় ভারতের, অস্ট্রেলিয়া-বধের ফ্যাক্টরগুলি দেখালেন সূর্য
IND vs AUS T20I: সূর্যকুমার যাদব ভারতের ত্রয়োদশ অধিনায়ক। তবে দেশকে নেতৃত্ব দিতে গিয়ে তাঁর সাফল্যের পথে বাধা হলো না তেরোর গেরো! সূর্যকুমার যাদব ঝোড়ো ইনিংস খেলে পেলেন ম্য়াচের সেরার পুরস্কার।
বিশ্বের ১ নম্বর টি ২০ আন্তর্জাতিক ব্যাটার সূর্যর বিধ্বংসী ব্যাটিং দেখে অনেককে হা-হুতাশ করতেও দেখা গেল। সেই ক্রিকেটপ্রেমীদের আক্ষেপ, যদি এই ইনিংসের ছিটেফোঁটাও সূর্য বিশ্বকাপ ফাইনালে অজিদের বিরুদ্ধে খেলতে পারতেন, তাহলে কাপ উঠতে পারতো রোহিতের হাতে।

যদিও দেশের অধিনায়ক হিসেবে সূর্যকুমারের প্রথম টি ২০ আন্তর্জাতিকেই রেকর্ড জয় পেল ভারত। আজ ভারতের সামনে ২০৯ রানের টার্গেট দিয়েছিল অজিরা। শেষ বলে এলো রুদ্ধশ্বাস জয়। রান তাড়া করে জেতার নিরিখে এটি ভারতের সবচেয়ে বড় জয়। এই নিয়ে ২০০ বা তার বেশি রান তাড়া করে ভারত টি ২০ আন্তর্জাতিকে জিতল পঞ্চমবার।
২০১৯ সালের ডিসেম্বরে হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত জিতেছিল ২০৮ রানের টার্গেট তাড়া করে। আজ বিশাখাপত্তনমে নয়া নজির গড়ল মেন ইন ব্লু। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে সূর্য বলেন, যেভাবে আজ দলের সকলে মাঠে নিজেদের উজাড় করে দিয়েছেন তাতে খুশি। চাপে পড়েছিলাম, কিন্তু তারপরও আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি।
ভারত অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচেই জিতে গর্বিত সূর্য। তিনি বলেন, সব সময় সকলেরই দেশের হয়ে খেলা লক্ষ্য থাকে। সেখানে অধিনায়কত্ব করতে পারলাম। গর্বিত বোধ করছি। সূর্য বলেন, শিশির পড়বে। আন্দাজ করেছিলাম। সেটা হয়নি। তবে মাঠ ছোট ছিল। প্রথমে ভেবেছিলাম ২৩০ রান তাড়া করতে হবে। কিন্তু বোলাররা আমাদের ম্যাচে ফেরান। ইতিবাচক মানসিকতা নিয়ে খেলাই লক্ষ্য ছিল।
সূর্য সতীর্থদের বার্তা দিয়েছিলেন ব্যাটিং উপভোগ করে নিজেদের মেলে ধরতে। ঈশান কিষাণকে বলেন, টার্গেটের কথা না ভেবে ব্যাটিং চালিয়ে যেতে। ১০ ওভারের পর সূর্য নিশ্চিত হন ম্যাচ জেতা সম্ভব। অধিনায়কত্বের ভার ড্রেসিংরুমে রেখে এসেই তিনি স্বাভাবিক ছন্দে ব্যাট করেছেন বলে জানান সূর্য।
সূর্য আউট হওয়ার পর কিছুটা চাপ বাড়ে ভারতের উপর। দ্রুত কয়েকটি উইকেট পড়ায়। রিঙ্কু সিং, মুকেশ কুমারেরও প্রশংসা করেছেন ভারতের নতুন টি ২০ অধিনায়ক। যেভাবে ১৬ ওভারের পর বোলাররা ম্যাচে ফেরান ভারতকে, তা স্বস্তি দিচ্ছে অধিনায়ককে। ঈশান কিষাণও মুকেশ কুমারের বোলিংয়ের প্রশংসা করেছেন।
ঈশান কিষাণ মুগ্ধ রিঙ্কুর পারফরম্যান্সেও। তিনি বলেন, সকলেই ভালো খেলার জন্য মুখিয়ে ছিলেন। বিশেষভাবে উল্লেখ করতে হবে এই প্রথম বড় দলের বিরুদ্ধে যেভাবে রিঙ্কু নিজেকে মেলে ধরলেন। নিজের সাফল্য পেতে সুবিধা হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ সূর্যকুমারও আগ্রাসী মেজাজে ব্যাটিং করায়। দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন। ভুলত্রুটি হতেই পারে। তবে সব কিছুর পরেও এই জয় তৃপ্তি দিচ্ছে মেন ইন ব্লুকে।












Click it and Unblock the Notifications