IND vs AUS 4th T20I: রিঙ্কু সিং দুর্ভাগ্যের শিকার, অর্ধশতরান হাতছাড়া! ভারত ১৭৫-এর টার্গেট দিল অস্ট্রেলিয়াকে
IND vs AUS 4th T20I: রায়পুরে শহিদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজই প্রথম টি ২০ আন্তর্জাতিক হচ্ছে। ভারতকে এদিনই সিরিজ পকেটে পুরতে ১৭৪ রানের পুঁজি নিয়ে লড়তে হবে। অজিরা জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবে।
ভারতের ওপেনাররা ভরসা দিলেও শ্রেয়স আইয়ার ও সূর্যকুমার যাদবের ব্যর্থতা দারুণভাবে ঢাকলেন রিঙ্কু সিং। তিনি কেরিয়ারের নবম টি ২০ আন্তর্জাতিকে প্রথম হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। তবে ফিরতে হলো দুর্ভাগ্যের শিকার হয়ে।

ভারত নির্ধারিত ২০ ওভারে তুলেছে ৯ উইকেটে ১৭৪ রান। পাঁচে নেমে চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৯ বলে সর্বাধিক ৪৬ করেন রিঙ্কু। ভারত প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছিল ৫০ রান। শেষ ৫ ওভারে এসেছে ৪৫ রান, যদিও এই সময়কালে পাঁচটি উইকেট পড়েছে। ৫.৪ ওভারে ৫০, ১২.৪ ওভারে ১০০ ও ১৭.১ ওভারে ১৫০ রানের মাইলফলক ছোঁয় ভারত।
রিঙ্কুকে ২০তম ওভারের প্রথম বলে ফেরান জেসন বেহরেনডর্ফ। লেগ বিফোরের জোরালো আবেদন উঠেছিল। আম্পায়ার জে মদনগোপাল রিঙ্কুকে লেগ বিফোর দিলে তিনি ডিআরএসের দ্বারস্থ হন। রিপ্লেতে দেখা যায়, বল উইকেটে লাগছে না। যদিও টিভি আম্পায়ার বীরেন্দ্র শর্মা আম্পায়ারস কলের নির্দেশ দেন। ফলে হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় রিঙ্কুকে। তাঁকে সান্ত্বনা দেন সতীর্থরা।
ভারতের ওপেনিং জুটি ভাঙে ষষ্ঠ ওভারের শেষ বলে। ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৩৭ রান করেন যশস্বী জয়সওয়াল। অপর ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় তিনটি চার ও একটি ছয়ের সৌজন্যে ২৮ বলে ৩২ রান করেন। বিশ্বকাপের পর বিশ্রাম নিয়ে সহ অধিনায়ক হিসেবে দলে ফিরে ব্যর্থ শ্রেয়স আইয়ার। তিনে নেমে ৭ বল খেলে ৮ রান করে আউট।
অধিনায়ক সূর্যকুমার যাদব ২ বলে ১ রানের বেশি করতে পারেননি। ১১১ রানে চার উইকেট পড়ার পর দলের হাল ধরেন রিঙ্কু ও জিতেশ শর্মা। জিতেশ ১টি চার ও তিনটি ছয়ের দৌলতে করেন ১৯ বলে ৩৫। অক্ষর প্যাটেল ও দীপক চাহার খাতাই খুলতে পারেননি। রবি বিষ্ণোই করেন ৪। আবেশ খান ১ রানে অপরাজিত থাকেন।
বেন ডোয়ারশুইস ৪ ওভারে ৪০ রান দিয়ে তিন উইকেট নেন। জেসন বেহরেনডর্ফ ৪ ওভারে ৩২ ও তনভীর সাঙ্ঘা ৪ ওভারে ৩০ রান দিয়ে পেয়েছেন ২টি করে উইকেট। অ্যারন হার্ডি ১টি মেডেন-সহ ৩ ওভারে ২০ রান খরচ করে একটি উইকেট পান।
প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং, তিলক বর্মা ও ঈশান কিষাণকে বসিয়ে আজ ভারত খেলাচ্ছে মুকেশ কুমার, দীপক চাহার, শ্রেয়স আইয়ার ও জিতেশ শর্মাকে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের তিনজন দেশে ফেরায় অজিদের একাদশে আজ ৫টি পরিবর্তন হয়েছে। ক্রিস গ্রিনের টি ২০ আন্তর্জাতিক অভিষেক হচ্ছে।












Click it and Unblock the Notifications