IPL 2024: দলের ভারসাম্য নষ্ট করছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম, রোহিতকে সমর্থন করে বিরাট সওয়াল কোহলির
২০২৩ সালের আইপিএল থেকে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু করেছে বিসিসিআই। কিন্তু দ্বিতীয় বছরে এসেই এই নিয়ম নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে হচ্ছে বিসিসিআইকে। রোহিত শর্মা, ঋতুরাজ গাইকোয়াড়ের পর এ বার ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। এই ইস্যুতে সরাসরি রোহিতের সঙ্গে সহমত প্রকাশ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
আইপিএল সম্প্রচারকারী প্ল্যাটফর্মের একটি সাক্ষাৎকারে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে কোহলি বলেন, আমি রোহিতের সাথে একমত। বিনোদন খেলার একটি দিক, কিন্তু কোনও ভারসাম্য নেই, আমি মনে করি এটি ভারসাম্যকে ব্যাহত করেছে এবং অনেক লোকই একইরকমভাবে বিষয়টি অনুভব করছে, শুধু আমি নয়।'

ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা কয়েকদিন আগেই জানিয়েছেন, "ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটা আমার খুব একটা পছন্দ নয়। এর ফলে অলরাউন্ডারদের প্রয়োজন কমে গিয়েছে। ক্রিকেটটা এখন ১২ জনের খেলা হয়ে গিয়েছে। এর ফলে ক্রিকেটটা নষ্ট হচ্ছে। দর্শকের জন্য যদিও খুব উপভোগ্য হচ্ছে ব্যাপারটা।"
ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আসার পর আইপিএলে ক্রিকেট এখন আর ১১ জনের খেলা নয়। এখন আর প্রথম একাদশ বেছে নিলেই হয় না। বেছে নিতে হয় এক জন ইমপ্যাক্ট প্লেয়ারকেও। ১২ জনের খেলা হয়ে গিয়েছে। এখন আর টসের আগে দল ঘোষণা করতে হয় না। ফলে টস জিতে বা হেরে দলের অধিনায়ক ঠিক করে নিচ্ছেন বাড়তি ব্যাটার না কি বাড়তি বোলারকে দলে রাখবেন।
আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ম নেই, কিন্তু আইপিএলে রয়েছে এটাও একটা বিতর্কের বিষয়। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম আগামী আইপিএলে থাকবে কিনা সেটা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।
বোর্ড সচিব জয় শাহ জানিয়েছিলেন আগেই, পরীক্ষামূলক ভাবে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু করা হয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি পাকাপাকি নয়। তবে কেউ এই নিয়মের বিরোধিতা করে এখনও পর্যন্ত কিছু জানায়নি।ফ্র্যাঞ্চাইজ়ি, সম্প্রচারকারী সংস্থার সঙ্গে কথা বলা হবে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে আগামী দিনে এই নিয়ম থাকবে কি না।












Click it and Unblock the Notifications