আইপিএলের লোভনীয় ডাক উপেক্ষা, বিশ্বকাপের মঞ্চেই ভারতের সঙ্গেই অটল গম্ভীর
বিশ্বকাপের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক সেই সময়ই ভারতীয় ক্রিকেট মহলে জোর গুঞ্জন আবার কি আইপিএলের ডাগআউটে দেখা যাবে গৌতম গম্ভীর কে? প্রস্তাব দিয়েছে রাজস্থান রয়্যালস। তবে ভারতীয় দলের বর্তমান প্রধান কোচের মনোভাব জানার পর জল্পনায় অনেকটাই জল ঢেলেছে।
টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই গম্ভীরের সঙ্গে কথা বলেছেন রাজস্থানের মালিকপক্ষ। সম্প্রতি দলটির মালিকানা কাঠামোয় পরিবর্তন এসেছে। সেই সঙ্গে নেতৃত্ব, কোচিং স্টাফ ও সাপোর্ট সিস্টেমে বড় রদবদলের পরিকল্পনাও শুরু হয়েছে। নতুন রূপরেখায় গম্ভীরকে মেন্টর, সিইও বা কৌশলগত পরামর্শদাতা এমন কোনও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

তবে আপাতত আইপিএলে ফেরার কোনও ইচ্ছা নেই ভারতের কোচের। ২০২৭ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই তিনি ভারতকে একটি আইসিসি ট্রফি এনে দিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সাফল্য তাঁর ঝুলিতে। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপেও এক ম্যাচ হাতে রেখেই সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে ভারত। সামনে ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ সেই লক্ষ্যেই আপাতত সম্পূর্ণ মনোযোগ দিতে চান গম্ভীর।
চুক্তি নবীকরণ না হলে ২০২৭ এর পর অবশ্য আইপিএলে তাঁকে আবার দেখা যেতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ভারতীয় দলের কোচ থাকা অবস্থায় অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ নেই। ক্রিকেটে স্বার্থের সংঘাতের নিয়ম অত্যন্ত কঠোর। ফলে জাতীয় দলের দায়িত্ব সামলে একসঙ্গে আইপিএলের কোচিং বা মালিকানায় যুক্ত হওয়া সম্ভব নয়।
আইপিএলে গম্ভীরের কোচিং ও মেন্টরশিপের রেকর্ড উজ্জ্বল। লখনউ সুপার জায়ান্টস কে টানা দু'বার প্লে অফে তুলেছিলেন তিনি, দু'বারই তৃতীয় স্থানে শেষ করেছিল দল। আর কলকাতা নাইট রাইডার্স এর মেন্টর হিসেবে দলকে চ্যাম্পিয়ন করার কৃতিত্বও রয়েছে তাঁর। এই সফলতাই রাজস্থানের আগ্রহ বাড়িয়েছে।
প্রস্তাব যতই লোভনীয় হোক, এই মুহূর্তে জাতীয় দলের ডাগআউটই গম্ভীরের একমাত্র ঠিকানা। বিশ্বকাপের মঞ্চে ভারতকে আরও এক ধাপ এগিয়ে নেওয়াই এখন তাঁর প্রধান লক্ষ্য।












Click it and Unblock the Notifications