ICC World Cup 2023: তিন বার বিশ্বকাপে ব্রাত্য! অবশেষে মুখ খুললেন চাহাল, কাদের করলেন নিশানা?
এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ, ভারতীয় দল নির্বাচন নিয়ে বিতর্ক কম হয়নি। বিশেষ করে যজুবেন্দ্র চাহালের না থাকা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে? এমনকি শেষ মুহূর্তে অক্ষর প্যাটেল ছিটকে যাওয়ায় দলে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন । কিন্তু চাহালের নাম উঠেনি বিশ্বকাপের খাতায়। এই পরিস্থিতিতে দীর্ঘ নীরবতার পর মুখ খুললেন চাহাল।
কয়েকদিন পরই ভারতের মাটিতে শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ। তাতে অবশ্য সুযোগ পাননি এই তারকা স্পিনার। এশিয়া কাপের দলেও তিনি সুযোগ পাননি। শুধু আসন্ন বিশ্বকাপেই চাহাল ব্রাত্য নন। এর আগেও পরপর দু'বার টি-২০ বিশ্বকাপে (২০২১ ও ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ) তিনি জাতীয় দলে ব্রাত্যই ছিলেন। এই পরিস্থিতিতে নিজের অনুভূতির কথা জানালেন চাহাল।

একটি ক্রীড়া সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে চাহাল বলেন, 'আমি বুঝতে পারছি একমাত্র ১৫ জন ক্রিকেটার এই দলে সুযোগ পেতে পারেন কারণ এটা বিশ্বকাপ। এখানে আপনি ১৭ বা ১৮ জনকে নিয়ে যেতে পারবেন না। আমার কিছুটা খারাপ লেগেছে, কিন্তু আমি জীবনে এগিয়ে যাওয়ায় বিশ্বাসী। এখন এই সব বিষয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি। তিনটে বিশ্বকাপ তো হয়ে গেল(লম্বা হাসি)।'
অক্ষর প্যাটেল ছিটকে যাওয়ার পরও তাঁর নাম বিবেচিত হয়নি। কুলদীপের সঙ্গে নির্বাচকরা দলে রেখেছেন অশ্বিনকে। এই প্রসঙ্গে চাহাল বলেন, 'আমি এই বিষয়গুলি নিয়ে খুব বেশি ভাবি না এখন। এমনকি ভারতীয় দলে অন্য স্পিনারদের সঙ্গে প্রতিযোগিতা নিয়েও। আমি এটা বিশ্বাস করি ভালো পারফরম্যান্স করলে আমিও খেলার সুযোগ পাব, আমারও সময় আসবে একটা দিনে।'

একইসঙ্গে চাহাল বলেন, 'আমি দলের সঙ্গে থাকি বা না থাকি সতীর্থরা আমাকে ভাইয়ের মতোই ভালোবাসেন। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। কঠিন পরিশ্রম করে প্রত্যাবর্তন করাই লক্ষ্য।'
বিশ্বকাপে ব্রাত্য যুজবেন্দ্র চাহাল ব্যস্ত কাউন্টি খেলতে।কাউন্টিতে কেন্টের হয়ে যোগদান করেছেন ভারতীয় স্পিনার।প্রথমবার কাউন্টি খেলছেন ভারতীয় লেগস্পিনার। এই প্রসঙ্গে চাহাল বলেন, 'আমি এখানে লাল বলে খেলার সুযোগ পাই এবং আমি দেশকে টেস্ট ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে চাই, তাই এটা আমার কাছে বাড়তি অভিজ্ঞতা হবে।'

টিম ইন্ডিয়ার হয়ে চাহাল একদিনের ক্রিকেটে ১২১টি উইকেট শিকারের পাশাপাশি আন্তর্জাতিক টি২০ ক্রিকেটেও ৯৬টি উইকেট শিকার করেছেন। চাহালের অবশ্যই লক্ষ্য থাকবে আগামী বছর টি২০ বিশ্বকাপের দলে ফেরা। যদিও চাহালকে দলে নেওয়ার পক্ষেই মত দিয়েছেন একাধিক প্রাক্তনী।












Click it and Unblock the Notifications