ICC World Cup 2023: দেশে নেই ক্রিকেট পরিকাঠামো, প্রতিকূলতাকে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে বিপ্লব আফগানিস্তানের
আফগানিস্তান মানেই সন্ত্রাসের কালো ছায়া, বছর ভর লেগে থাকা যুদ্ধ আর মধ্যযুগীর তালিবানি শাসন। সঙ্গে দোসর প্রাকৃতিক দুর্যোগ। যেখানে মানুষের বেঁচে থাকাটাই প্রতিদিন কঠিন চ্যালেঞ্জ সেখানে ক্রিকেট তো বিলাসিতা। নূন্যতম নাগরিক পরিষেবা পাওয়াই যে দেশ চাঁদ পাওয়ার সামিল সেখানে ক্রিকেটের পরিকাঠামোই কল্পনার অতীত। অথচ সেই দেশই বিশ্বকাপে বিপ্লব ঘটিয়ে দিয়েছে।
আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। মূলত নিন্ম আয়ের অর্থনীতি এই দেশে। জনসংখ্যার প্রায় অর্ধেকের বেশি মানুষ দারিদ্রসীমার নীচে বাস করেন। দেশে বেকারত্বের সংখ্যা ২৩%। ক্রমাগত যুদ্ধের কারণে বিনিয়োগকারীরাও এই দেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। জিডিপি থেকে মাথাপিছু রোজগার সবক্ষেত্রেই আফগানিস্তান নিন্মগামী। অথচ সেই দেশই বিশ্বকাপে এসে একের পর এক শক্তিধর দেশকে হারিয়ে দিচ্ছে।

কিন্তু যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে খেলাধুলোর পরিবেশ প্রায় নেই। ক্রিকেট খেলার মতো কোনও আধুনিক পরিকাঠামোই নেই। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনুশীলন, সুযোগ-সুবিধা প্রয়োজন সেই সব কিছুই নেই রশিদদের। জিডিপিতে আফগানিস্তান রয়েছে ১২৪ তম স্থানে। মাথাপিছু রোজগারে ২১০তম স্থানে আছে কাবুলিওয়ালার দেশ।ফলে রশিদদের বেতনও অত্যন্ত কম।

এই পরিস্থিতিতে সাম্প্রতিক দুটি ভূমিকম্প সমস্যা আরও বাড়িয়েছে দেশটির। হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন। বিশ্বকাপ খেলতে এসে দেশে ভূমিকম্পের খবর পান আফগান ক্রিকেটাররা। রশিদ সহ অন্য ক্রিকেটাররা বিশ্বকাপের ম্যাচ ফি ত্রাণকার্যে দান করার সিদ্ধান্ত নেন। কিন্তু সব প্রতিবদ্ধকতা-প্রতিকূলতাকে হারিয়ে ক্রিকেট বিশ্বে নিজেদের স্থান ক্রমশ পাকা করে নিচ্ছে আফগানিস্তান।
তবে রশিদদের এমন উত্তরণ সম্ভব হত না বিসিসিআইয়ের সাহায্য ছাড়া। আফগানিস্তানের জাতীয় দল একটা সময় মাসের পর মাস থাকত ভারতে। এই দেশের ক্রিকেটের পরিকাঠামো ব্যবহার করে অনুশীলন করতেন রশিদ খানরা। ভারতীয় কোচেরা তাঁদের সাহায্য করতেন। স্থানীয় দলগুলির সঙ্গে নিয়মিত প্রস্তুতি ম্যাচও খেলত আফগানিস্তান।

লালচাঁদ রাজপুত, মনোজ প্রভাকরের মতো প্রাক্তন ক্রিকেটাররা আফগান দলের কোচের ভূমিকা পালন করতেন। এমনকি আফগানিস্তান আন্তর্জাতিক পর্যায়ের হোম ভেন্যুও ছিল ভারত। দেরাদুনে তাঁরা হোম সিরিজের ম্যাচ খেলত। এমনকি আফগান দলকে স্পনসরও করে একটি ভারতীয় কোম্পানি।












Click it and Unblock the Notifications