Pakistan In World Cup 2023: বিশ্বকাপ খেলতে ভারতে আসবে পাকিস্তান, সবুজ সঙ্কেত দিল শরিফ সরকার
Pakistan In World Cup: জল্পনা কল্পনার অবসান। ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান। শেহবাজ শরিফের সরকারের তরফে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। একইসঙ্গে পাক বিদেশ মন্ত্রকের বিবৃতিতে ভারতকে কটাক্ষও করা হয়েছে।
ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না বলে জানিয়েছিল। সে কারণে হাইব্রিড মডেলে হবে এশিয়া কাপ। এই অবস্থায় পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড মুখ বাঁচানোর পথ খুঁজছিল বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে। তর্জন-গর্জনের শেষে অবশেষে সম্মতি দিতেই হলো।

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, পাকিস্তান সব সময় বিশ্বাস করে রাজনীতির সঙ্গে খেলাধুলোকে মেশানো উচিত নয়। সে কারণেই বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব থেকে আন্তর্জাতিক সব ক্রীড়াক্ষেত্রকে মুক্ত রাখার কথাও উল্লিখিত রয়েছে বিবৃতিতে।
পাক বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতে পাকিস্তানের দল পাঠানোর সিদ্ধান্ত গঠনমূলক ও দায়িত্বশীলতার নমুনা। যা ভারতের একরোখা আচরণের সম্পূর্ণ বিপরীত। কেন না, এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে আসছে না। ভারতে পাকিস্তান দলের নিরাপত্তার বিষয়টি নিয়ে 'গভীর চিন্তা'-র কথা আইসিসি ও ভারতের সংশ্লিষ্ট সব মহলে জানানো হয়েছে বলে দাবি পাক বিদেশ মন্ত্রকের।

একইসঙ্গে ভারতের মাটিতে পাকিস্তান দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে আশাপ্রকাশও করা হয়েছে। ৬ অক্টোবর পাকিস্তান হায়দরাবাদে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। ১৫ অক্টোবরের পরিবর্তে ভারত-পাকিস্তান ম্যাচ ১৪ অক্টোবর হতে চলেছে। সে কারণে পাকিস্তানের শ্রীলঙ্কা ম্যাচ এগিয়ে আনা হবে।
পাকিস্তান হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা ও আমেদাবাদে খেলবে। ১২ নভেম্বর কালীপুজোর দিন পড়েছে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচে নিরাপত্তার বিষয়টি নিয়ে সিএবি কথা বলছে কলকাতা পুলিশের সঙ্গে। দিন বদলের অনুরোধ আইসিসি ও বিসিসিআইয়ের কাছে করা হলেও সেই আর্জি মানার সম্ভাবনা নেই বললেই চলে। সেমিফাইনালে যদি ভারত-পাক দ্বৈরথ হয় তবে তা হবে কলকাতায়।












Click it and Unblock the Notifications