ICC World Cup 2023: বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বড় বৈঠক পাকিস্তানে, নিরাপত্তা দেখতে ভারতে আসতে পারে প্রতিনিধিদল
ICC World Cup 2023: ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান আসবে কিনা সে ব্যাপারে সরকারিভাবে এখনও নিশ্চয়তা দেওয়া হয়নি। যদিও ঘটনাপ্রবাহ যেদিকে এগোচ্ছে তাতে বাবর আজমদের এ দেশে আসার বিষয়টি উজ্জ্বল হচ্ছে।
ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি। বিশ্বকাপ নিয়ে পাল্টা তর্জন-গর্জনেও সুবিধা করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই আবহে বিশ্বকাপ খেললেও কীভাবে মুখরক্ষা করা যায় সেজন্য নানাবিধ পন্থা বের করা হচ্ছে।

বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একটি কমিটি গড়ে দিয়েছিলেন। সেই কমিটির বৈঠক ছিল গতকাল। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে চলতি মাসের শেষের দিকে ভারতে প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। উল্লেখ্য, এই কমিটির শীর্ষে রয়েছেন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি নির্ভর করবে পাক সরকারের সবুজ সঙ্কেতের উপর। বিলাওয়ালের নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেন ইন্টেরিয়র মিনিস্টার রানা সানাউল্লাহ, আইনমন্ত্রী আজম নাজির তারার, তথ্যমন্ত্রী মারিয়াম ঔরঙ্গজেব, ইন্টার প্রভিন্সিয়াল কোঅর্ডিনেশন মিনিস্টার এহসান-উর-রহমান মাজারি, জাতীয় সুরক্ষা সংস্থাগুলির প্রধান ও বিদেশ সচিব।

এই কমিটির প্রথম বৈঠকে গতকাল উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ। সূত্রকে উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যমের দাবি, বৈঠকে বেশিরভাগ সদস্যই ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল পাঠানোর পক্ষে সওয়াল করেছেন। ভারত যেহেতু পাকিস্তানে যাচ্ছে না, সে কারণে ভারতে বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর পক্ষেও কেউ কেউ মন্তব্য করেন।
যদিও শেষ অবধি ঠিক হয়েছে, ভারতে দল পাঠানো হলেও সরকারের তরফে নিরাপত্তা প্রদান সংক্রান্ত নিশ্চয়তা চাওয়া হবে। পাকিস্তান সরকার আশাবাদী, ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপের সময় যেমন নিরাপত্তাব্যবস্থা ছিল, এবারও তেমনই থাকবে। সেই বছরই শেষবার ভারতে এসেছিল পাক ক্রিকেট দল। বিসিসিআই, ভারত সরকার ও আইসিসির সঙ্গে যোগাযোগ রাখছে পাক সরকার।
নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে এ দেশে আসতে পারে পাকিস্তানের সুরক্ষা বিষয়ক প্রতিনিধিদল। হায়দরাবাদ, আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতায় পাকিস্তানের ম্য়াচগুলি রয়েছে। এইসব শহরে নিরাপত্তাব্যবস্থা দেখতে আসতে পারেন প্রতিনিধিদলের সদস্যরা। এদিকে, ১৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে আপত্তি নেই পাকিস্তানের। তবে সূচিতে কিছু রদবদল করতে হবে।












Click it and Unblock the Notifications