ICC World Cup 2023: বিশ্বকাপে ভারত-পাকিস্তান-সহ ৯ ম্যাচের দিন বদল, সিএবি-র অনুরোধ মানল আইসিসি ও বিসিসিআই
ICC World Cup 2023: অবশেষে আইসিসি বিশ্বকাপের ক্রীড়াসূচি চূড়ান্ত হলো। ধর্মীয় উৎসবের কারণে পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া নিয়ে সংশয় দেখা গিয়েছিল আমেদাবাদ ও কলকাতায়। আরও কয়েকটি দেশ সূচি নিয়ে আপত্তির কথা জানিয়েছিল।
অবশেষে আজ ৯টি ম্যাচের দিন বদলে সূচি প্রকাশ করা হলো আইসিসির তরফে। সিএবি-র অনুরোধকে মান্যতা দিয়ে ইডেনে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে আনা হলো। এই ম্যাচটি পড়েছিল কালীপুজোর দিন। বদলেছে ভারত-পাকিস্তান ম্যাচের দিনও।

নবরাত্রির মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ পড়ায় আমেদাবাদে যথাযথ নিরাপত্তার বিষয়টি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সে কারণে ১৫ অক্টোবর, রবিবারের পরিবর্তে ১৪ অক্টোবর, শনিবার আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে ওই হেভিওয়েট দ্বৈরথ। ১৪ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছিল ইংল্যান্ডের। সেই ম্যাচটি ২৪ ঘণ্টা পিছিয়ে শনিবারের পরিবর্তে রবিবার হবে।
ভারত-পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে আসায় হায়দরাবাদে পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বৈরথ ২ দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। হায়দরাবাদে ওই ম্যাচটি হওয়ার কথা ছিল ১২ অক্টোবর, বৃহস্পতিবার। কিন্তু সংশোধিত সূচিতে তা হবে ১০ অক্টোবর, মঙ্গলবার। ফলে ১১ অক্টোবর আমেদাবাদে গিয়ে দু-দিন প্রস্তুতির সুযোগ পাবেন বাবর আজমরা। ১৩ অক্টোবরের পরিবর্তে ১১ অক্টোবর লখনউয়ে হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ।
১৪ অক্টোবর ডে ম্যাচে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের খেলা হওয়ার কথা ছিল বাংলাদেশের বিরুদ্ধে। সেই খেলাটি হবে ১৩ অক্টোবর, ম্যাচটি দিন-রাতের হবে। ১০ অক্টোবর ধরমশালায় বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ডের দিন-রাতের ম্যাচটি সংশোধিত সূচি অনুযায়ী দিনে করার সিদ্ধান্ত হয়েছে, সেই ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে।

ইডেনে কালীপুজোর দিন ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে দিন-রাতের ম্যাচ পড়েছিল। কলকাতা পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা দিতে না পারায় এই ম্যাচটির দিন পরিবর্তনের অনুরোধ করেছিল সিএবি। বিসিসিআই ও আইসিসি সেই অনুরোধে মান্যতা দিয়েছে। ফলে ১১ নভেম্বর হবে ইডেনে দিন-রাতের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান।
এই ম্যাচটির সঙ্গেই ১২ নভেম্বর ডাবল হেডারে পুনেতে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ দ্বৈরথ পড়েছিল। সেই ম্যাচটিও হবে ১১ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে। এর ফলে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়েই শেষ হবে লিগ পর্বের খেলা। ডাচদের বিরুদ্ধে ভারতের খেলাটি বেঙ্গালুরুতে ১১ নভেম্বর হওয়ার কথা ছিল। সেই ম্যাচটি হবে কালীপুজোর দিন, অর্থাৎ ১২ নভেম্বর।












Click it and Unblock the Notifications